বাজেটে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে প্যারাশিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক–সহায়িকা এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা আরও ১ হাজার টাকা করে বাড়ানো হবে।

প্যারা-টিচারদের বেতন বৃদ্ধি
শেষ আপডেট: 5 February 2026 18:01
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে রাজ্য বাজেট যে জনমুখী সুরেই বাজবে, তা মোটামুটি নিশ্চিতই ছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট পেশ শুরু করতেই সেই প্রত্যাশায় সিলমোহর পড়ে। লক্ষ্মীর ভাণ্ডারের (Lakkhi Bhander) অঙ্ক বাড়ানো থেকে শুরু করে মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা— একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তে নজর কাড়ে মমতা সরকারের ভোট অন অ্যাকাউন্ট। সেই তালিকায় বাড়তি গুরুত্ব পেল প্যারাটিচার (Para Teacher) ও শিক্ষাকর্মীদের (Non Teaching Staff) ভাতা বৃদ্ধির ঘোষণা।
বাজেটে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে প্যারাশিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক–সহায়িকা এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা আরও ১ হাজার টাকা করে বাড়ানো হবে। পাশাপাশি, এই সব কর্মীর মধ্যে কারও ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে অকাল মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। এই খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে মোট ১১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।
উল্লেখযোগ্যভাবে, পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশ্যাল এডুকেটর, এমএসকে ও এসএসকে কর্মীরা দীর্ঘ দিন ধরেই ভাতা বৃদ্ধির দাবিতে সরব ছিলেন। এর আগে শিক্ষা দফতর অভিযানেও শামিল হয়েছিলেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, জনমজুরের থেকেও কম পারিশ্রমিক পান তাঁরা এবং ২০১৮ সালের পর থেকে সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা আর বাড়েনি।
এ বার বাজেট ঘোষণায় সেই দাবির আংশিক সাড়া মিলল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকরা এত দিন ১০ হাজার টাকা ভাতা পেতেন, তা বেড়ে হবে ১১ হাজার টাকা। উচ্চ প্রাথমিক স্তরে যাঁরা ১৪ হাজার টাকা ভাতা পেতেন, তাঁদের ক্ষেত্রে তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবন্ধুদের ভাতা ৮ হাজার টাকা থেকে বেড়ে ৯ হাজার টাকা হতে চলেছে।