
শেষ আপডেট: 26 December 2023 20:18
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুরে: রবিবার কলকাতার ব্রিগেডে ‘লক্ষকণ্ঠে গীতাপাঠ’-এর আসর জমে উঠেছিল। এবার ফের গীতাপাঠের আসর বসছে এই বাংলাতে। আয়োজক তৃণমূল কংগ্রেস। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের দিন সেখানে গীতাপাঠের আসর বসবে বলে ঘোষণা করে দিলেন মন্ত্রী অখিল গিরি।
কয়েক বছর ধরে দিঘার সমুদ্র সৈকতকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। পর্যটক টানতে পুরীর মন্দিরের আদলে সেখানেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আগামী বছর এপ্রিল মাস নাগাদ উদ্বোধন হতে পারে মন্দিরের।
মঙ্গলবার দুপুরে বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের করা একটি মন্তব্যের প্রতিবাদে রামনগর ১ ব্লক থেকে যুব তৃণমূলের একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি। মিছিল শেষে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অখিলবাবু বলেন, ''বিজেপির গীতাপাঠে লোক বেশি হয়নি। ওদের ডাকে লোক আসেনি, স্বামীজীকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে। এর আগে চণ্ডীপাঠ করার কথা ভেবেছিলাম। কিন্তু কোনও কারণে তা হয়ে ওঠেনি। এবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন গীতা পাঠ করা হবে।''
কয়েকদিন আগে, গীতাপাঠের আসরের পাল্টা চণ্ডীপাঠের আসর বসা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু কোথায় সেই আসর বসবে তা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল না। কলকাতা ও পূর্ব মেদিনীপুর এই দুটি জায়গার নাম শোনা যাচ্ছিল। এবার মন্ত্রী জানালেন, চণ্ডীপাঠ নয় সুমুদ্র সৈকতে বসতে চলেছে আর একটি গীতাপাঠের আসর।