
শেষ আপডেট: 13 December 2023 17:35
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চারমাস কেটে গেছে। পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া মাঝপথে থেমে ছিল। অবশেষে হাইকোর্টের নির্দেশে গোসাবায় গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল।
বুধবার ভোটাভুটির মাধ্যমে প্রধান নির্বাচিত হলেন দিলীপ মণ্ডল। উপপ্রধান করা হল সঞ্জীব মণ্ডলকে। গোসাবা গ্রাম পঞ্চায়েতের মোট ১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলাফল ঘোষণার পরে তৃণমূল এককভাবে ১৩টি আসনে জয়লাভ করে। বিজেপি পেয়েছিল ১টি, নির্দল ৪টি আসন।
নির্দল প্রার্থীরা সকলেই ছিলেন শাসকদলের বিক্ষুব্ধ গোষ্ঠীর লোক। তৃণমূল কংগ্রেসের যে ১৩ জন জয়লাভ করে তাঁদের মধ্যে প্রধান নির্বাচন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই সংঘাতের জেরে জয়ী প্রার্থীদের কয়েকজন দলের চিহ্ন ছেড়ে বেরিয়ে এসে ৪ নির্দল প্রার্থীর সঙ্গে মিলিত হন। স্বাভাবিকভাবে প্রধান কে হবে, তা নিয়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে দড়ি টানাটানি। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বোর্ড গঠন প্রক্রিয়া মাঝপথেই থেমে যায়।
পরবর্তীতে হাইকোর্ট দ্রুত বোর্ড গঠনের নির্দেশ দিলে সেইমতো বুধবার ভোটাভুটি হয়। বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। আগামী ১৫ তারিখ রয়েছে বাসন্তীর বোর্ড গঠন। সেখানেও একই সমস্যা রয়েছে।