রাজ্যে হোমিওপ্যাথি শিক্ষার মান নিয়েই প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 29 July 2025 20:57
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে হোমিওপ্যাথি পড়ুয়াদের (Homeopathy Medical Colleges) জন্য বড় ধাক্কা। খামতি, গাফিলতি, পরিকাঠামোর অভাব—এসবের জেরে তিনটি প্রাইভেট হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে চলতি শিক্ষাবর্ষে ভর্তির অনুমোদন বাতিল করল ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি (NCH)।
শুধু তাই নয়, আরও দুই কলেজের আসনসংখ্যা কমিয়ে দেওয়া হল অর্ধেক। সরকারি কলেজ মেদিনীপুর হোমিওপ্যাথিকেও ১৩টি আসন কমিয়ে দেওয়া হয়েছে।
পরিদর্শনে উঠে এসেছে গুরুতর অভিযোগ। সূত্রের খবর, হোমিওপ্যাথি শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁদের মতে, কোথাও ১৪, কোথাও ১৮-১৯ জন শিক্ষক ও চিকিৎসকের অভাব। বেশ কিছু কলেজ কাম হাসপাতালে নেই ইমার্জেন্সি পরিষেবা। বহু হোমিওপ্যাথি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ জীবনদায়ী ওষুধ নেই। নেই অ্যানাস্থেশিয়া পরিকাঠামো। এমনকী বহু কলেজে ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি কার্যত শূন্য।
এই পরিস্থিতিতেই এনসিএইচ একলপ্তে রাজ্যের মোট ২১৮টি বিএইচএমএস (BHMS) আসন বাতিল করেছে। যার মধ্যে রয়েছে ২০৫টি প্রাইভেট কলেজ এবং ১৩টি সরকারি কলেজ।
কোন কোন কলেজে অনুমোদন বাতিল? সূত্রের খবর, প্রতাপচন্দ্র হোমিওপ্যাথি কলেজ, আসানসোল হোমিওপ্যাথি কলেজ এবং খড়্গপুর হোমিওপ্যাথি কলেজে অনুমোদন পুরোপুরি বাতিল করা হয়েছে। এই তিনটিতে মিলিয়ে ভর্তির জন্য মোট ১৬০টি আসন ছিল।
একইভাবে বেশ কয়েকটি হোমিওপ্যাথি কলেজের আসন সংখ্যাও কমানো হয়েছে। এর মধ্যে বর্ধমান হোমিও কলেজ: কমে হল ২৫, সাঁইথিয়া হোমিও কলেজ: কমে হল ৩০ এবং মেদিনীপুর সরকারি কলেজ: ৬৩ থেকে কমে হল ৫০। সব মিলিয়ে বিভিন্ন কলেজ মিলিয়ে রাজ্যের আসন সংখ্যা কমল ২১৮টি।
কলকাতার ডি এন দে, মহেশ ভট্টাচার্য হোমিও কলেজ, ক্যালকাটা হোমিও কলেজের মতো নামী সরকারি কলেজগুলিও রয়েছে এনসিএইচ-এর রেডারে। কমিশনের সাফ বার্তা, ১ সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিবকে খামতি পূরণের প্রতিশ্রুতি দিতে হবে এবং ১ মাসের মধ্যে পূরণ করতে হবে গাফিলতি। না হলে অনুমোদনও বাতিল হতে পারে।
এখন হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে ভর্তির মরসুম। ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথির (NCH) এহেন সিদ্ধান্তের জেরে বিপাকে পড়ুয়া ও অভিভাবকরা। এ ব্যাপারে রাজ্য সরকার এখন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।