অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। গিয়েছেন মৃতের বাড়িতেও।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 16 January 2026 20:54
দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। ঝাড়খণ্ডে মৃত্যু হওয়া বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ উদ্ধারের খবর পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ। শিয়ালদহ–লালগোলা শাখার মহেশপুরে রেললাইনে বসে পড়ে বিক্ষোভকারীরা। লাইনে বাঁশ ফেলে অবরোধ করা হয়। এর জেরে থমকে যায় একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। একই সঙ্গে অবরুদ্ধ হয় ১২ নম্বর জাতীয় সড়ক। রেল ও সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি যান মৃতের বাড়িতেও। পরে অধীর জানান, ঝাড়খণ্ডের পালামৌ জেলায় কয়েক মাস ধরে ফেরিওয়ালার কাজ করতেন আলাউদ্দিন। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েই তিনি রওনা দেন। তাঁর বক্তব্য, বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। দ্রুত ঝাড়খণ্ডে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন।
অধীর বলেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিদেশে রয়েছেন। তবে সে রাজ্যের আইজি শৈলেন্দ্র কুমারের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে, কারণ দেহে বাইরে থেকে আঘাতের চিহ্ন নেই। যদিও অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেন অধীর।
এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা জুড়ে এখনও চাপা উত্তেজনা। পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।