অধীরের কথায়, রাজ্যে বাংলাদেশি ভোটার ছেয়ে গিয়েছে। এটাই বাংলার নিউ নরমাল।

অধীর চৌধুরী।
শেষ আপডেট: 27 May 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: ভোটার কার্ড (Voter Card,) ইস্যুতে এবার বড় অভিযোগ আনলেন বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
অধীরের কথায়, "রাজ্যে বাংলাদেশি ভোটার ছেয়ে গিয়েছে। এটাই বাংলার নিউ নরমাল। কারণ, পয়সা দিলে বাংলাতে বাঘের দুধও পাওয়া যায়, আর ভোট কার্ড জোগাড় করা কী আর এমন বড় ব্যাপার।"
বাংলাদেশি নাগরিক এই অভিযোগে সম্প্রতি মালদহর হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে অপসারণ করেছে প্রশসান। অভিযোগ, ভুয়ো নথি পেশ করে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন বাংলাদেশির লাভলি। ওই প্রসঙ্গেই শাসক ও প্রশাসনের একাংশের বিরুদ্ধে বেনিয়মে মদত দেওয়ার অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
একই সঙ্গে আরজি করের তিন চিকিৎসকের বদলির প্রসঙ্গে রাজ্যের তীব্র নিন্দা করে অধীর বলেন, "আরজি করের (RG Kar Incident) এখনও বিচার মেলেনি। কিন্তু আন্দোলনের মাথারা যাতে পুনরায় না ঐক্যবদ্ধ হতে পারে তাই তাঁদের বদলি করে দেওয়া হল। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল।"
এ ব্যাপারে শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গেও বড় ভবিষ্যত বাণী করেছেন অধীর। তাঁর কথায়, "আজকে শিক্ষকদের আন্দোলনের যারা মাথা আগামীদিনে তাঁদের ওপরেও একইভাবে এরকম খাঁড়া নেমে আসবে।"
অপারেশন সিঁদুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীরও তীব্র সমালোচনা করেছেন অধীর। সোমবার গুজরাতের একটি সভা থেকে অপারেশন সিঁদুর (Operation Sindoor) প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, "সুখ চেন কি জিন্দেগি জিও, রোটি খাও, ওয়ার্না মেরি গলি তো হ্যায়ই" অর্থাৎ রুটি খাও, শান্তিতে থাকো, নয়তো আমার গুলি!
এ প্রসঙ্গে মোদীকে কটাক্ষ করে অধীর বলেন, "প্রধানমন্ত্রীর মুখে এরকম ফিল্মি ডায়লগ শোভনীয় নয়। এরপর সিনেমার পর্দায় মোদীজি নেমে গেলে নায়কদের পেটের ভাত মারা যাবে!" একই সঙ্গে অধীরের প্রশ্ন, "যারা এই অপারেশন বাস্তবায়িত করেছেন, সেই ভারতবর্ষের বাহিনীকে কৃতিত্ব দেওয়া হচ্ছে কি? শুধুই ‘অপারেশন সিঁদুর’-এর ঢোল পেটানো হচ্ছে, কারণ সামনে নির্বাচন।"