দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অকৃতদার অমলবাবু। অশোকনগরের বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা সময় সুযোগ মতো খোঁজখবর রাখতেন।

শেষ আপডেট: 14 January 2026 15:20
প্রতীতি ঘোষ, হাবড়া: শেষ হল দূরদর্শনে মহালয়ার এক অধ্যায়। চরম অবহেলায় সকলের আড়ালে প্রয়াত হলেন অসুররূপী অমল চৌধুরী। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু চরম আর্থিক সঙ্কটে চিকিৎসা করাতে পারেননি। এমনকী জুটত না খাবারও।
মহালয়ার ভোরে দূরদর্শনের পর্দায় দোর্দণ্ডপ্রতাপ অসুরের ভূমিকায় অমল চৌধুরীর অভিনয়ও এখনও স্মরণীয়। তবে সেই মনে রাখার কোনও প্রতিদান পাননি অশোকনগরের বাসিন্দা বছর ৬৬ অমল চৌধুরী।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অকৃতদার অমলবাবু। অশোকনগরের বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা সময় সুযোগ মতো খোঁজখবর রাখতেন। বুধবার অনেক ডাকাডাকি করেও তাঁর সাড়া মেলেনি। তারপরেই বাড়ির তালা ভেঙে ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। খবর পয়ে পুলিশ আসে। অশোকনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
শুধু মহালয়া নয় বেশ কিছু সিনেমা ও মেগাতেও অভিনয় করেছেন অমলবাবু। এসব কথাই মনে পড়ছে প্রতিবেশীদের। কয়েক বছর ধরে তার আর্থিক অবস্থার কথা ভেবে অনেকেই সাহায্য করেছেন তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে গিয়েছিলেন। অবিবাহিত অমলবাবু এই বাড়িতে একাই থাকতেন। আজ বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে অশোকনগর থানার তরফে দেহের ময়নাতদন্ত করানো হচ্ছে।