মৃত নেতার পরিবার সরাসরি খুনের অভিযোগ এনেছে। তাঁদের দাবি, পুরনো শত্রুতার জেরেই এই নৃশংস হামলা।
.jpeg.webp)
মৃত কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ সাহা।
শেষ আপডেট: 7 October 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও কংগ্রেস নেতা (Congress leader) নরেন্দ্রনাথ সাহার (৪৫) রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহে (Maldah)। অভিযোগ, পরিকল্পনা করে তাঁকে গাড়ি (Car) চাপা দিয়ে খুন করা হয়েছে। আর এই অভিযোগ উঠেছে তাঁরই দলের এক কর্মীর বিরুদ্ধে!
মৃত নেতার পরিবার সরাসরি খুনের অভিযোগ এনেছে। তাঁদের দাবি, পুরনো শত্রুতার জেরেই এই নৃশংস হামলা।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে কনুয়া এলাকায় এক বচসার পর আচমকাই গাড়ি তুলে দেওয়া হয় নরেন্দ্রনাথের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় গুরুতর জখম হন আরও কয়েকজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্ত বিপদ মণ্ডল ঘটনার পর নিজেই হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুরো ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে রাজনৈতিক মহলে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় এক কংগ্রেস নেতা বলেন, “এটা নিছক দুর্ঘটনা নয়। পরিকল্পিত খুন। দলের মধ্যেই এই ধরনের শত্রুতা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে।”
ঘটনার জেরে এলাকায় মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। আতঙ্কে দিন কাটাচ্ছেন কনুয়া এলাকার বাসিন্দারা। কী কারণে এমন হিংসা? দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব নাকি ব্যক্তিগত রেষারেষি, খতিয়ে দেখছে পুলিশ।