অষ্টম গান শুরুর আগে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা দর্শকাসন থেকে উঠে মঞ্চে চলে আসেন স্কুল মালিক মেহবুব মালিক। অভিযোগ, স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক 'জাগো মা' গান নিয়ে আপত্তি জানান।

লগ্নজিতা চক্রবর্তী
শেষ আপডেট: 22 December 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে (South Point Public School in Bhagwanpur) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন স্কুল মালিক মেহবুব মালিক। তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে জেলা আদালত।
সোমবার মেহবুবকে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশের তরফে তাঁকে সাত দিনের হেফাজতের আর্জি জানানো হয়। তবে মামলার শুনানির পর চারদিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে শুধু হেনস্থা নয়, গায়িকাকে মারধর শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে।
শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে (South Point Public School in Bhagwanpur) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা। শিল্পীর অভিযোগ, অনুষ্ঠানের শুরুতে কোনও সমস্যা ছিল না। পরিবেশ শান্ত এবং স্বাভাবিকই ছিল। সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় এবং প্রায় ৪৫ মিনিট নির্বিঘ্নেই সাতটি গান গেয়েছিলেন তিনি। প্রথম কয়েকটি গান শেষে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়।
লগ্নজিতা (Lagnajita Chakraborty) জানান, অষ্টম গান শুরুর আগে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা দর্শকাসন থেকে উঠে মঞ্চে চলে আসেন স্কুল মালিক মেহবুব মালিক। অভিযোগ, স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক 'জাগো মা' গান নিয়ে আপত্তি জানান। তিনি দাবি করেন, ধর্ম নিরপেক্ষ গান গাইতে হবে। এরপরই ওই ব্যক্তি তাঁকে মারধর করার চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও সেখানে উপস্থিত অন্যান্যরা দ্রুত ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান।
এই ঘটনার পর আর গান না গেয়ে তিনি মঞ্চ ছেড়ে চলে যান। রাতেই ভগবানপুর থানায় গিয়ে পুরো বিষয়টি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে জানান। পুলিশের পরামর্শে একটি জেনারেল ডায়েরিও করেন তিনি। লিখিত অভিযোগে শিল্পী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় কথা বলেন এবং আপত্তিকর মন্তব্য করতে থাকেন। আচমকা এমন ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আতঙ্কিত হয়ে পড়েন বলেও জানিয়েছেন।