গত ১২ অগস্টের ঘটনা। শুক্রবার ২২ তারিখ সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। শনিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার মা।

শেষ আপডেট: 25 August 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তরপাড়ার একটি মিষ্টির দোকানে বছর নয়ের এক ছাত্রীকে প্রকাশ্যে খারাপ স্পর্শ ও শ্লীলতাহানিতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মিষ্টির দোকানে থাকা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আগামী কাল ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ধৃতের নাম বিকাশ অশোপা। নিউ স্টেশন রোড ভদ্রকালী উত্তরপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর নয়ের নাততিকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় উত্তরপাড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢোকেন এক বৃদ্ধা। অভিযোগ, দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ওই নাবালিকাকে দেখে দোকানে ঢুকে পরে। এরপর নানা অছিলায় নাবালিকার শরীরে খারাপ স্পর্শ করতে থাকে। একপ্রকার জোর করেই নাবালিকাকে চুম্বন করে কয়েকবার। স্পষ্টই নাবালিকা বিরক্ত হলেও ওই ব্যক্তি একইভাবে বারবার খারাপ স্পর্শ করতে থাকে। মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পরে।উত্তরপাড়ার বাসিন্দা শ্বেতা চক্রবর্তী সেই ঘটনার সিসিটিভি ফুটে তার ফেসবুক থেকে শেয়ার করেন। তিনি লেখেন, "এই ধরনের ঘটনা বাড়ছে। আইন আছে, পুলিশ আছে তাও এক ধরনের মানুষ এই ধরনের অপরাধ করে চলেছে। উত্তরপাড়া থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। আমরা চাই অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, দোষীর শাস্তি হোক।"
উত্তরপাড়ার বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, "প্রশাসনের উচিত দোষীর কঠোরতম শাস্তির বিধান করা। না হলে এগুলো বেড়েই চলবে।" তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, "যে এটা করেছে সে বিকৃত মানসিকতার। তার সমাজে থাকার অধিকার নেই। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। আমি আশা করব খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ সূত্রে জানা গেছে ,গত ১২ অগস্টের ঘটনা। শুক্রবার ২২ তারিখ সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। শনিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার মা।