স্থানীয় কর্মীদের অভিযোগ, বহুদিন ধরেই গাছটি হেলে ছিল। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এক কর্মীর কথায়, 'গাছটা যে কোনও সময় ভেঙে পড়তে পারে, এটা আমরা বারবার বলেছিলাম।'

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 2 July 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: দিনের শুরুতেই শোকের ছায়া হাওড়া পুরসভা চত্বরে। প্রশাসনিক ভবনের সামনে আচমকাই ভেঙে পড়ল একটি পুরনো ইউক্যালিপটাস গাছ। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারালেন দুই অস্থায়ী কর্মী, উমেশ মাহাতো ও নুর মহম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ হাওড়া পুরনিগমের প্রধান প্রশাসনিক ভবনের সামনে হঠাৎই গুঁড়ি-সহ ধসে পড়ে বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছটি। সেইসময় দফতরের সামনেই দাঁড়িয়ে ছিলেন উমেশ ও নুর। গাছের ওজন ও ধাক্কায় চাপা পড়ে যান দু'জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
খবর পেয়ে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। পুরসভার আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত গাছ সরানোর কাজ শুরু করে।
স্থানীয় কর্মীদের অভিযোগ, বহুদিন ধরেই গাছটি হেলে ছিল। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এক কর্মীর কথায়, 'গাছটা যে কোনও সময় ভেঙে পড়তে পারে, এটা আমরা বারবার বলেছিলাম। আজ সকালে যদি অফিস শুরু হয়ে যেত, তাহলে হয়তো প্রাণহানির সংখ্যাটা আরও বাড়ত।'
ঘটনার পর স্বভাবতই প্রশ্ন উঠছে পুরসভার গাফিলতি নিয়ে। কেন বহুদিন ধরে হেলে থাকা গাছটি আগেভাগে কেটে ফেলা হল না? কেন এমন ঝুঁকির জায়গায় কর্মীদের কাজে লাগানো হচ্ছিল?
হাওড়া পুরসভা সূত্রে খবর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজনে সমস্ত পুরনো গাছের স্বাস্থ্যপরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে ততক্ষণে প্রাণ হারিয়েছেন দুই পরিশ্রমী কর্মী, যাঁদের প্রাণহানিকে ঘিরে শোকের ছায়া সহকর্মীদের মধ্যে।