বাংলার মানুষ যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, সেই চেষ্টাই চলছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে লোক এনে বাংলার বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে। তাঁর কথায়, এটি একটি পরিকল্পিত চক্রান্ত, যার লক্ষ্য বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 31 March 2026 18:22
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচারে এদিন প্রথমে বালুরঘাট এবং পরে করনদিঘিতে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। দুই জনসভা থেকেই বিজেপির (West Bengal BJP) বিরুদ্ধে তাঁর সুর ছিল সপ্তমে। একের পর এক অভিযোগ তোলেন তিনি। সভায় আগত মানুষকে তাঁর বার্তা, বিজেপিকে ৫০-এর নীচে নামাতে হবে। এমন অবস্থা করতে হবে যাতে তাঁরা পদ্ম নয়, সর্ষে ফুল দেখে ৪ তারিখের পর থেকে।
বালুরঘাটের সভা থেকে এসআইআর প্রসঙ্গে তিনি বিজেপিকে নিশানা করে বলেন, এদের সরকার জনবিরোধী। এসআইআরের (West Bengal SIR) নামে আতঙ্ক তৈরি করা হয়েছে। বাংলার মানুষ যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, সেই চেষ্টাই চলছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে লোক এনে বাংলার বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে। তাঁর কথায়, এটি একটি পরিকল্পিত চক্রান্ত, যার লক্ষ্য বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা।
এই প্রসঙ্গে কেন্দ্রের শাসক দলকে ‘ডবল ইঞ্জিন’ সরকারের নামে কটাক্ষ করে তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপির সাংসদ থাকা সত্ত্বেও উন্নয়নের ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এমনকি অতিরিক্ত আর্থিক সহায়তাও আসেনি বলে দাবি করেন তিনি। বিজেপির জনপ্রতিনিধিদের নিজেদের কাজের হিসেব জনসমক্ষে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক।
গত কয়েক বছরে সাধারণ মানুষকে নানা কারণে লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন অভিষেক। কখনও নোট বাতিলের সময়, কখনও এসআইআরের কারণে - এই অভিজ্ঞতার উল্লেখ করে তিনি বলেন, এবার সেই লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিকভাবে বিজেপিকে জবাব দেওয়ার সময় এসেছে। ভোটের মাধ্যমে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।
মূল্যবৃদ্ধির প্রশ্নে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দামই বেড়েছে। দুধ থেকে জ্বালানি, চাল থেকে তেল - কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নের হিসাব সামনে আনা হবে, পাশাপাশি কেন্দ্রকেও তাদের কাজের খতিয়ান প্রকাশ করতে হবে।
করনদিঘির সভা থেকে তিনি অভিযোগ করেন, জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। তাঁর কথায়, যদি সেই প্রচেষ্টা সফল হয়, তবে মানুষের ব্যক্তিগত জীবনযাপনেও হস্তক্ষেপ হতে পারে। খাদ্যাভ্যাস থেকে পোশাক - সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সবশেষে, বিজেপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ডাক দেন তৃণমূলের এই শীর্ষ নেতা। তাঁর দাবি, এই নির্বাচনের ফলাফল এমন হওয়া উচিত যাতে বিরোধী শিবিরের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তিনি বলেন, উন্নয়ন ও মানুষের স্বার্থ রক্ষার প্রশ্নে তৃণমূলই মানুষের পাশে রয়েছে, আর বিজেপি শুধুই সংকট তৈরি করতে চায়। সেই প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষের হাতেই তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।