
শেষ আপডেট: 20 May 2023 16:13
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee says the result) নিজাম প্যালেসে ঢুকেছিলেন শনিবার সকাল ১০টা ৫৮ মিনিটে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ সেরে তিনি যখন বেরিয়ে এলেন তখন ঘড়ির কাঁটায় রাত ৯টা ৪০ মিনিট। প্রায় ১০ ঘণ্টা জেরা শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক স্পষ্ট বলে দিলেন, এই তলব আসলে নবজোয়ার যাত্রাকে বাধা দিতে। কারণ মানুষের জমায়েতের ছবি দেখে বিজেপি ভয় পেয়েছে। সেইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এও বলেন, ‘কেন্দ্রের পোষা কুকুর হয়ে থাকব না (result of long CBI interrogation is zero)। মাথা উঁচু করে রয়্যালবেঙ্গল টাইগার হয়ে থাকব।’
তৃণমূলের অনেকের বক্তব্য, যেভাবে ২৪ ঘণ্টার কম সময়ের ব্যাবধানে নোটিস পাঠিয়ে অভিষেককে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছিল সিবিআই তাতে রাজনৈতিক অভিসন্ধি স্পষ্ট। বিজেপি এ নিয়ে বাজার গরম করছে। এদিন বেরিয়ে এসে অভিষেকও বোঝাতে চাইলেন, তাঁকে যতই তলব করুক কেন্দ্রীয় এজেন্সি, তিনি বশ্যতা স্বীকার করবেন না।
এদিন নিজামের বাইরে সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, ‘এই যে ৯ঘণ্টা ৪০ মিনিট আমায় জিজ্ঞাসাবাদ করা হল, তার নির্যাস হল শূন্য। আস্ত একটা অশ্ব ডিম্ব।’ তিনি এও বলেন, ‘এতে আমারও সময় নষ্ট হল, যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন তাঁদেরও সময় নষ্ট হল।’
কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়েও এদিন চোখা প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর কথায়, ‘কুন্তলের চিঠির ভিত্তিতে যদি আমায় ডেকে পাঠানো হয়, তাহলে কেন সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠাবে না সিবিআই?’
সারদা, নারদ-সহ বিভিন্ন তদন্ত কেন শীতঘুমে চলে গিয়েছে, সেই প্রশ্ন তুলেও এদিন তদন্ত সংস্থাকে বিঁধেছেন অভিষেক। তাঁর কথায়, ‘আমায় তার্গেট করে নিয়ে এটা করা হচ্ছে। কিন্তু আমি মাথা ঝোঁকানোর লোক নই।’
নিজামের গেটে দাঁড়িয়েই অভিষেক জানিয়ে দেন, কাল বাদ পরশু সোমবার থেকে ফের নবজোয়ার যাত্রা তিনি শুরু করবেন। ওইদিন বাঁকুড়া থেকে কর্মসূচি শুরু হবে তাঁর।
কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে অভিষেককে এই তলব আসলে হাইকোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফেরার পর মামলার বেঞ্চ বদল হলেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বদল হয়নি। যদিও অভিষেক তথা তৃণমূল এই গোটা বিষয়টিকে বিজেপি তথা কেন্দ্রের রাজনৈতিক চাপ হিসাবেই দেখাতে চেয়েছেন। এদিন নিজাম থেকে বেরিয়ে অভিষেক বোঝাতে চান, আরও চাপ দিলেও তিনি মাথা ঝোঁকাবেন না।