সংবাদ মাধ্যমের সামনে অভয়ার মা এদিন বলেন, "প্রথম থেকেই আমাদেরকে বলা হচ্ছিল কিন্তু আমি রাজি হচ্ছিলাম না কিন্তু পরে দেখলাম কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার স্বার্থে আমাকে রাজনীতিতে আসতেই হবে।"
.jpeg.webp)
শেষ আপডেট: 19 March 2026 15:14
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর: মেয়ের বিচার পেতে অবশেষে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভয়ার বাবা-মা।
বৃহস্পতিবার সাংবাদিকদের তাঁরা বলেন, "বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে চাই।"
সংবাদ মাধ্যমের সামনে অভয়ার মা এদিন বলেন, "প্রথম থেকেই আমাদেরকে বলা হচ্ছিল কিন্তু আমি রাজি হচ্ছিলাম না কিন্তু পরে দেখলাম কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার স্বার্থে আমাকে রাজনীতিতে আসতেই হবে। এ রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে কেউ ভাল নেই। তাই তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। ফোন করে বলেছি যে বিজেপির প্রার্থী হতে চাই।আমার মনে হয়েছে যে মেয়ের মৃত্যুর ন্যায় বিচার পাওয়ার জন্য বিজেপির সাথেই থাকা দরকার।"
তবে তিনি এ কথাও জানান, CBI ডিরেক্টর এবং কর্মকর্তা সীমা পাহুজার উপর তাঁদের এখনও ক্ষোভ আছে। কারণ তারা ঠিকমতো তদন্ত করছে না। তাই মেয়ের বিচার পেতে বিলম্ব হচ্ছে। তবে রাজনীতিতে যোগ দেওয়ায় এখন বিচার পাওয়ার লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছেন তিনি।
একই সঙ্গে এ দিন অভয়ার মা নিজের পরিচয়ও প্রকাশ্যে আনলেন। জানালেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই আরজিকর হাসপাতালের ভিতর তাঁর ডাক্তার কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার পরে তাঁদের পরিচয় সামনে আনা বন্ধ করে মিডিয়া। কিন্তু এখন তিনি চান তাঁর পরিচয় প্রকাশ্য়ে আনা হোক। সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে, প্রাপ্ত বয়স্ক কোনও ধর্ষিতা নারী বা তাঁর পরিবারের লোকজন যদি স্বেচ্ছায় নিজের পরিচয় সামনে আনতে চান তবে তা আনতে পারেন। অতীতেও দেখা গেছে পার্কস্ট্রিটে ধর্ষণের শিকার সুজেড স্বেচ্ছায় তাঁর পরিচয় সামনে এনেছিলেন।
এদিকে অভয়ার মা বিজেপির হয়ে প্রার্থী হতে আগ্রহী হলেও এখনও দলের তরফে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর পানিহাটি থেকে প্রার্থী করা হতে পারে তাঁকে।