পাক মদতপুষ্ট জঙ্গিদের একেরপর এক ঘাঁটি উড়িয়ে দেওয়া থেকে শুরু করে ভারতীয় সেনা যেভাবে প্রত্যাঘাত করেছে, তা নিয়ে বিধানসভার বাদল অধিবেশনে (West Bengal Assembly) সেনাবাহিনীকে (Indian Amry) ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হচ্ছে বলে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 15 May 2025 18:26
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে নৃশংস (Pahalgam Attack) জঙ্গি হামলার ঘটনার পর 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) করেছিল ভারত (India)। পাক মদতপুষ্ট জঙ্গিদের একেরপর এক ঘাঁটি উড়িয়ে দেওয়া থেকে শুরু করে ভারতীয় সেনা যেভাবে প্রত্যাঘাত করেছে, তা নিয়ে বিধানসভার বাদল অধিবেশনে (West Bengal Assembly) সেনাবাহিনীকে (Indian Amry) ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হচ্ছে বলে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।
বৃহস্পতিবার স্পিকার জানিয়েছেন, এবারের বাদল অধিবেশন ৯ জুন থেকে শুরু হতে পারে। চলবে দু’সপ্তাহের কিছু বেশি সময় ধরে। সেখানেই সেনাবাহিনীকে ধন্যবাদজ্ঞাপন করে প্রস্তাব আনা হতে পারে। যদিও তা কবে হবে সে ব্যাপারে স্পষ্ট কোনও আভাস দিতে পারেননি বিমান। শুধু এটুকু জানিয়ে রেখেছেন, বিধানসভার বিজনেস কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন কয়েক জন পর্যটক। ২২ এপ্রিল, মঙ্গলবার দুপুরে তাঁদের ঠিকানা ছিল কাশ্মীরের 'মিনি সুইৎজারল্যান্ড' বৈসরন উপত্যকা। জাফরান, আখরোট, আপেলের বাগান আর জঙ্গলে ঢাকা, পাহাড়ে ঘেরা ওই পর্যটনস্থল এই মরসুমে ভিড়ে ঠাসা থাকে। সে দিনও তার অন্যথা হয়নি। কিন্তু পর্যটকেরা তখনও জানতেন না তাঁদের জন্য কী অপেক্ষা করছে! অতর্কিতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৫ জন ভারতীয়।
এই জঙ্গিহানার জবাব যে পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের জায়গায় দেবে তা নয়াদিল্লি আগেই জানিয়ে দিয়েছিল। সেই মতোই ৬ মে 'অপারেশন সিঁদুর' করে ভারত দেখিয়েছে প্রত্যাঘাত কাকে বলে। ওই দিন মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানে ভারতীয় সেনা বাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়, পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে 'প্রিসিশন স্ট্রাইক' করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে। ভারতীয় সেনাবাহিনীর এই প্রত্যাঘাতকেই ধন্যবাদ জানিয়ে বিধানসভার বাদল অধিবেশনে প্রস্তাব আনা হচ্ছে।