রাত সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতামুখী একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস দাঁড় করায় পুলিশ।
.jpeg.webp)
শেষ আপডেট: 12 September 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কলকাতামুখী বাস থেকে উদ্ধার হল ৭২ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতামুখী একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস দাঁড় করায় পুলিশ। তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ৭২ লক্ষ টাকা উদ্ধার হয়।
উদ্ধার হওয়া টাকার বৈধ কোনও নথি দেখাতে না পারায় বাসের দুই চালক, খালাসি এবং আরও এক যাত্রীকে আটক করে পুলিশ। পরে চারজনকেই গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শম্ভুনাথ বর্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস এবং নবীনকুমার সিং। এরা বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। এদের মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক, কৃষ্ণ দাস খালাসি এবং শম্ভুনাথ বর্মা যাত্রী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালানো হয়। মেমারি থানায় খবর এসেছিল বাসে করে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেই পালসিট টোল প্লাজায় ফাঁদ পাতে পুলিশ। বাস দাঁড় করিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। এই টাকা কোথা থেকে এল, কার কাছে পৌঁছতে নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জেরা করছে পুলিশ।
বিহার বিধানসভা ভোটের মুখে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় জল্পনা ছড়িয়েছে। টাকার উৎস ভাগলপুর বলে পুলিশের অনুমান। তবে গন্তব্য নিয়ে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ ৷ টাকা গুণতে মেশিনও আনা হয়।