ছাত্রীমৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাস্ক ফোর্স। বৈঠকে ফের কেন্দ্রবিন্দুতে এল নিরাপত্তা ও ক্যাম্পাস সুরক্ষার প্রশ্ন।

ফাইল ছবি
শেষ আপডেট: 12 September 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল পারে মৃত্যু হয়েছে এক তৃতীয় বর্ষের ছাত্রীর। ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগে ক্যাম্পাসে বৈঠক করল কেন্দ্রীয় টাস্ক ফোর্স। আট জন সদস্যের একটি দল এদিন কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। ওঠে 'নিরাপত্তা ও সুরক্ষা' প্রসঙ্গ।
বৈঠকে উপস্থিত শারীরশিক্ষা বিভাগের ছাত্র আমিনুল ইসলাম মোল্লা জানান, ক্যাম্পাসে জাত-পাত নিয়ে কোনও সমস্যায় কাউকে পড়তে হচ্ছে কি না, সকলে নিজেদের মেলে ধরতে পারছেন কি না, হেনস্থা হতে হচ্ছে কি না কোথাও, এই সব নিয়ে আলোচনা হয় শুক্রবার। ওঠে নানা প্রসঙ্গ। যাঁরা মুখে বলতে পারেননি, তাঁরা লিখে সমস্ত অভাব-অভিযোগের কথা জানান এনএসএসের সদস্যদের।
কয়েকবছর আগে বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রথম বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু হয়। সেনিয়ে শোরগোল পড়ার পরই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। রুটিন মাফিক তাদের বিশ্ববিদ্যালয়ে আসার কথাই ছিল।
তার আগে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হওয়ায় বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। ওই ছাত্র বলেন, 'অধিকাংশ পড়ুয়াই সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেক্ষেত্রে তাঁদের দাবি, ক্যাম্পাসের সর্বত্র সিসিটিভি বসাতে হবে। সিকিওরিটি বাড়াতে হবে।'
বাংলার বিভাগের ছাত্রের মৃত্যুর পর বাড়ানো হয়েছিল নিরাপত্তা। তাহলে কোথায় গাফিলতি? প্রশ্নের উত্তর তিনি জানান, গাফিলতি নয়, নিরাপত্তা আরও আঁটসাঁট করতে হবে, যাতে সমস্ত কিছু নজরে থাকে কর্তৃপক্ষের। সেকাজ এখনও অনেকটা বাকি আছে।
গতকালের ঘটনায় বিশ্ববিদ্যালয় নিজের তরফে কোনও তদন্ত করবে কি না, সেবিষয়ে কিছু জানা যায়নি। ওই ছাত্রের কথায়, 'উপাচার্য নেই, ফলে যিনি দায়িত্বে আছেন তিনি হয়তো বিশ্ববিদ্যালয়ের তরফে বাড়তি তদন্ত করে দেখবেন।'