তাতেও সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন বাস ব্যবসায়ীরা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 17 May 2025 10:02
দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহে টানা তিনদিন বাস ধর্মঘটের (bus strike) ডাক দিয়েছেন পরিবহণ ব্যবসায়ীরা। বাস, মিনিবাসের পাশাপাশি ৭২ ঘণ্টার এই ধর্মঘটে স্কুলবাসও যোগ দেবে বলে দাবি বেসরকারি বাস মালিকদের।
আগামী ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত, টানা তিনদিন এই ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ ব্যবসায়ীরা। যার জেরে রাজ্যজুড়ে সংশ্লিষ্ট তিনদিন রাজ্যের পরিবহণ ব্যবস্থা বড়সড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, ছুটির কোনও দিন নয় ২২ মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের বেসরকারি পরিবহণ ব্যবস্থা অচল হতে পারে।
সূত্রের খবর, এ ব্যাপারে ইতিমধ্যে বাস মালিকদের টানা তিনদিন ধর্মঘটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের তরফে আর্জিও জানানো হয়েছিল। তবে বাস মালিকরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে ধর্মঘট প্রত্যাহারের প্রশ্নই নেই।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের তরফে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনার সময় থেকে পরিবহণ শিল্প ধুঁকছে। সেই অর্থে ভাড়া বাড়েনি, কিন্তু পুলিশি জুলুম বেড়েছে। এছাড়াও পরিবহণ ব্যবসার ওপর বাড়তি কর চাপানো হয়েছে।"
তপনবাবু এও বলেন, করোনার সময় ২ বছর রাস্তায় বাস নামেনি। তাই ১৫ বছরের পুরনো বাস তুলে দেওয়ার নিয়ম সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ২ বছর অতিরিক্ত সময় দেওয়ার দাবি জানানো হয়েছিল। তাও মানা হয়নি। তাই একাধিক বঞ্চনার প্রতিবাদে টানা তিনদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
তাতেও সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন বাস ব্যবসায়ীরা।