প্রশাসন সূত্রের খবর, এর আগেও সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবারে হাতে নাতে ধরা পড়ার পর তাঁকে সাসপেন্ড করা হয়।

ফাইল ছবি।
শেষ আপডেট: 17 May 2025 08:30
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় (Voter list) কারচুপির অভিযোগে সরব শাসক-বিরোধী দু'পক্ষই। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের (Election Commission) সদর দফতরকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকাচ্ছে বিজেপি। আর বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকাচ্ছে তৃণমূল।
এমন আবহে ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি কাকদ্বীপের। প্রশাসন সূত্রের খবর, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার (ERO) অরুণ গোরাইকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।
কী অভিযোগ রয়েছে এই আধিকারিকের বিরুদ্ধে?
কমিশন সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার (ERO) ছাড়া কেউ নাম তুলতে কিংবা বাদ দিতে পারেন না। অভিযোগ, অবৈধভাবে লগিং আইডি হ্যাক করে ভোটার তালিকায় কারচুপি করেছেন ওই আধিকারিক।
প্রশাসন সূত্রের খবর, এর আগেও সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবারে হাতে নাতে ধরা পড়ার পর তাঁকে সাসপেন্ড করা হয়।
কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে এরকম আরও অনেক অসৎ ইআরও রয়েছেন। এদের সকলকে চিহ্নিত করতে হবে। তবেই রাজ্যের স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব।