কথা বলতে পারত না ৭ বছরের মেয়ে। ভাতের সাথে কীটনাশক খাইয়ে সেই মেয়েকে হত্যার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।

শেষ আপডেট: 6 August 2025 13:52
কাজল বসাক,নদিয়া
কথা বলতে পারত না ৭ বছরের মেয়ে। ভাতের সাথে কীটনাশক খাইয়ে সেই মেয়েকে হত্যার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।
করিমপুরের কাঁঠালিয়ায় এই বর্বরতার ঘটনা জানাজানি হতে শিউরে উঠেছেন এলাকার মানুষ। অভিযোগ, একরত্তি বোবা মেয়ের মৃত্যু নিশ্চিত করতে বাড়ির পাশে পুকুরের জলে দেহ ফেলে দেওয়া হয়। ঘটনা ঘিরে বুধবার সকাল থেকেই শোরগোল পড়ে যায় করিমপুরের কাঁঠালিয়ার চোরপোতা এলাকায়।
জানা গেছে, মৃত ওই শিশুটির নাম ঈশা সরকার। অভিযুক্ত মায়ের নাম তাপসী সরকার। স্থানীয়রা জানিয়েছেন, কর্মসূত্রে ভিনদেশে থাকেন ওই মহিলার স্বামী। মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন তাপসী। কেন তিনি এমন কাণ্ড ঘটালেন তার কারণ হাতরাচ্ছেন এলাকার মানুষ।
অভিযোগ, মঙ্গলবার ভাতের সঙ্গে কীটনাশক মাখিয়ে মেয়েকে খেতে দেন অভিযুক্ত মহিলা। তারপর মেয়ের মৃত্যু নিশ্চিত করতে বাড়ির পাশের পুকুরের জলে মেয়েকে ফেলে দেন। পরে স্থানীয়রা দেহটি ভাসতে দেখে খবর দেন পুলিশে। জল থেকে তোলার পর মৃত শিশুর মুখ থেকে ফেনা বেরুতে দেখেন স্থানীয়রা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই করিমপুর থানার পুলিশ আটক করে অভিযুক্ত তাপসী সরকারকে। কী কারণে খুন তার সঠিক কারণ এখনও জানা যায়নি।