শত্রুঘ্ন সহ ৬ বিজেপি সাংসদ কি ভোট দেবেন বিরোধীদের? জল্পনা
দ্য ওয়াল ব্যুরো : খুব অঘটন কিছু না হলে অনাস্থাভোটে পরাজয় নিশ্চিত। বিরোধীরা এখন চাইছেন, সরকারকে অন্তত কিছুটা হলেও অস্বস্তিতে ফেলতে। তাঁদের আশা, বিজেপির অন্তত ছ'জন সাংসদ সরকারের বিরুদ্ধে ভোট দেবেন। সেই দেখিয়ে তাঁরা বলতে পারবেন, মোদী সরকারের
শেষ আপডেট: 19 July 2018 08:59
দ্য ওয়াল ব্যুরো : খুব অঘটন কিছু না হলে অনাস্থাভোটে পরাজয় নিশ্চিত। বিরোধীরা এখন চাইছেন, সরকারকে অন্তত কিছুটা হলেও অস্বস্তিতে ফেলতে। তাঁদের আশা, বিজেপির অন্তত ছ'জন সাংসদ সরকারের বিরুদ্ধে ভোট দেবেন। সেই দেখিয়ে তাঁরা বলতে পারবেন, মোদী সরকারের ঘর ভাঙছে। এক্ষেত্রে বিরোধীরা যাঁর ওপরে সবচেয়ে বেশি আশা রাখছেন, তিনি হলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিহারের আর এক সাংসদ কীর্তি আজাদের ওপরেও বাজি ধরেছেন বিরোধীদের অনেকে।
কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি প্রকাশ্যেই বলেছেন, শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ কোনদিকে ভোট দেন সেদিকে আমাদের নজর থাকবে। কার্যত সামনের বছর লোকসভা ভোটের আগে এই হল সংসদের শেষ অধিবেশন। তাতে শত্রুঘ্নরা কী অবস্থান নেন, তার ওপরে অনেক কিছু নির্ভর করবে।
এছাড়া যে বিজেপি সাংসদরা বিরোধীদের পক্ষে ভোট দিতে পারেন বলে মনে করা হচ্ছে, তাঁরা হলেন সাবিত্রীবাই ফুলে, অশোক দোহারে, ছোটে লাল এবং রাজকুমার সাইনি।
সম্ভাব্য বিদ্রোহীদের সতর্ক করে কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার বলেছেন, কেউ বিরোধীদের পক্ষে ভোট দেওয়ার আগে সব দিক ভেবে দেখবেন। বন্ধু দলগুলি আমাদের ছেড়ে যায়নি। আমরা অনাস্থা ভোটে খুব সহজেই জিতব।
বিজেপির দুই সাংসদ এখন অসুস্থ। তাঁদের একজন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তাঁরাও শুক্রবার ভোট দিতে পারবেন না।