
শেষ আপডেট: 18 July 2023 05:44
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান দিয়েগোতে (San Diego)। বাবা-মা ভুল করে বাড়িতে হ্যান্ডগান ফেলে চলে গিয়েছিলেন। খেলতে খেলতে সেই বন্দুক দিয়েই ১ বছরের বোনকে গুলি করে মেরে ফেলল ৩ বছর বয়সি দাদা (3-Year-Old Child Shoots Dead One-Year-Old Sister )।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি থেকে ফোন পেয়েই হন্তদন্ত হয়ে সেখানে ছুটে যান তাঁরা। ঢুকে দেখা যায়, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে ১ বছরের শিশুটি। তার মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে। তার পাশেই বসে খেলছিল ৩ বছরের শিশুটি। সেখানেই পড়ে ছিল হ্যান্ডগানটি। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে পালোমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই প্রথমবার নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক থেকে অতর্কিতে গুলি চলার কারণে মৃত্যু হওয়ার অজস্র ঘটনা ঘটেছে। দিন কয়েক আগেই অন্তঃসত্ত্বা মায়ের পিঠে গুলি চালিয়ে দিয়েছিল একটি শিশু। সেই ঘটনায় মা এবং গর্ভস্থ শিশু, দুজনেরই মৃত্যু হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল ও অন্যান্য জায়গায় একের পর এক বন্দুকবাজের হামলায় নিজের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার আইন বদলে সোচ্চার হয়েছেন নাগরিকদের একাংশ, কিন্তু ১৯২২ সালে সে দেশের সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয় দেশের নাগরিকদের নিজেদের নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র রাখার সম্পূর্ণ অধিকার আছে।