
শেষ আপডেট: 30 March 2024 08:54
দ্য ওয়াল ব্য়ুরো: এক সপ্তাহের ব্যবধানে হাওড়া স্টেশন থেকে ফের মিলল লক্ষ লক্ষ টাকা! ডাউন রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ।
বিপুল পরিমাণ ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল- তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনায় পাঁচ অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে।
এর আগে গত ২২ মার্চ, বৃহস্পতিবার সকালে ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত করেছিল জিআরপি। গ্রেফতার করা হয় ৬জন যাত্রীকে। ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা। স্বাভাবিকভাবে বিষয়টি ঘিরে শোরগোল তৈরি হয়েছে। ঘটনার নেপথ্যে রাজনৈতিক-যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রেল সূত্রের খবর, রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢোকার পর জিআরপি আধিকারিকেরা নজরদারি চালাচ্ছিলেন। তখনই পাঁচ যাত্রীর আচরণ দেখে সন্দেজ হয় তাঁদের। আটক করে ব্যাগে তল্লাশি চালাতেই ওই বিপুল পরিমাণ টাকার হদিস মেলে। যদিও অভিযুক্তদের দাবি, সোনার গয়না ও পোশাক কিনতেই ওই টাকা নিয়ে তাঁরা কলকাতায় এসেছিলেন। তবে এ ব্যাপারে পুলিশকে বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা।