মৃত রাজ্জাকের সঙ্গে ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠতা ছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 July 2025 23:22
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি ফেরা আর হল না রাজ্জাক খাঁর (Rajjak Khan)। বুধবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar Death) চালতাবেড়িয়া অঞ্চলে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা(TMC Leader)। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে এসে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী রাজ্জাক খাঁর উপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত রাজ্জাকের সঙ্গে ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠতা ছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরেই সংগঠনের কাজ করছিলেন তিনি। তৃণমূলের অঞ্চল স্তরের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন রাজ্জাক। স্থানীয়দের দাবি, তাঁর জনপ্রিয়তা এবং রাজনৈতিক সক্রিয়তাই তাঁকে ‘টার্গেট’ বানিয়েছে। ফলে পরিকল্পিত খুন বলেই দাবি তৃণমূল কর্মীদের একাংশের।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে চালতাবেড়িয়া ও পার্শ্ববর্তী এলাকা। দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিতে রাস্তায় নামেন তৃণমূল সমর্থকেরা। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তবে পুলিশ তদন্তে নেমেছে।
এদিকে, রাজ্জাক খাঁর মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক শওকত মোল্লা। তাঁর অভিযোগ, ‘‘রাজ্জাক আজ দু’টি মিটিং শেষ করে বাড়ি ফিরছিল। সেই সময় পরিকল্পিতভাবে খুন করা হয়। এই ঘটনার পেছনে আইএসএফ-এর আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের হাত রয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দোষীদের দ্রুত পাকড়াও করা হোক।’’
তবে এই অভিযোগে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি আইএসএফ-এর তরফে।