পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত। সতর্ক না হলে সাধারণ মানুষও সহজেই এই প্রতারণার শিকার হতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা।

ধৃত প্রশান্ত নাথ
শেষ আপডেট: 24 July 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: জাল নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর (Sonarpur) পুরসভা এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের সই জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল ৩, ৯, ১২, এমনকি ৩৪ নম্বর ওয়ার্ডে। এমনটাই অভিযোগ।
দেখা যায়, প্রতিটি নথির সিরিয়াল নম্বরও ছিল একই। স্পষ্ট, সুপরিকল্পিত ভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। যার তদন্তে নেমে পুলিশ ঢালুয়া নবপল্লির বাসিন্দা প্রশান্ত নাথকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে অভিযুক্ত জাল সার্টিফিকেট তৈরির কারখানা গড়ে তোলে। তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট-সহ একাধিক সরকারি পরিচয়পত্র।
পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত। সতর্ক না হলে সাধারণ মানুষও সহজেই এই প্রতারণার শিকার হতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা।