
পাট্টা জমি বিক্রির অভিযোগ
শেষ আপডেট: 29 July 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ১২ বছর ধরে আবেদন করে এলেও পাননি আবাস যোজনার বাড়ি। এমন অভিযোগ করে কয়েকদিন আগে ক্ষোভ উগরে দিয়েছিলেন মধ্যমগ্রামের ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের বাসিন্দা পবন পাল। তিনি পেশায় হকার। এবার পবনের অভিযোগ, সরকারি থেকে দেওয়া পাট্টার জমি তাঁদের থাকতে দেওয়া হচ্ছে না। সেই জমি বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। তাই ন্যায্য় অধিকার চাইতে জেলাশাসকের দফতরের বাইরে স্ত্রী ও মেয়েকে নিয়ে ধর্নায় বসলেন তিনি।
পবনের দাবি, ১৯৯১ সালে তাঁর বাবা কৃষ্ণপদ পাল সরকারের থেকে ৪ কাঠা জমি পাট্টা পান। সেই জমিতে তাঁরা বসবাস করতেন। এখন অভিযোগ, কৃষ্ণপদবাবু মারা যাওয়ার পরে ২০১২ সালে পরিবারের সদস্যদের সেই জায়গা থেকে উৎখাত করে দেওয়া হয়। এই ঘটনার নেপথ্যে তৃণমূল নেতা তপন মল্লিকের রয়েছেন বলেই দাবি পবনের। বারে প্রশাসনের কাছে গিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।
তিনি বলেন, "রাস্তার পাশের এই জমিতে কয়েক বছর আগে দোকান তৈরি হয়। আর সেই জমি থেকে আমরা ভাড়া পেতাম। কিন্তু, ২০১২ সালের পর থেকে আমাদের জমি থেকে সরিয়ে দেন তৃণমূল নেতা তপন মল্লিক। তাই অধিকার ফেরত পেতে দাবিতে ধর্নায় বসেছিলাম।
ধর্নায় বসা পবন ও তাঁর পরিবারকে নিজের দফতরে ডেকে পাঠিয়ে ছিলেন জেলাশাসক। তাঁদের সঙ্গে কথা বলেন। এরপরেই জেলাশাসকের আশ্বাসে ধর্না তুলে নেয় ওই পরিবার। এবিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে জিজ্ঞেস করা হলে মুখ খুলতে চাননি। যদিও জেলাশাসকের দাবি, "এই বিষয়ে দুই পক্ষের মধ্যে মামলা চলছে। যে সঠিক আমরা তাঁর পক্ষেই থাকব।"