অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নেতৃত্বে মঙ্গলবার জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন ধরণিপুর চা বাগানের শ্রমিকরা।
.jpeg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 August 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির নাগরাকাটার ধরণিপুর চা বাগানে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। ১৮৪ জন চা শ্রমিককে নথিতে ‘মৃত’ দেখিয়ে তাঁদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতারিত শ্রমিকদের দাবি, তাঁরা বাধ্য হয়ে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি অভিযোগ জানিয়েছেন স্থানীয় পিএফ অফিসেও।
সম্প্রতি কয়েকজন পিএফের কেওয়াইসি (KYC) আপডেট করাতে গিয়ে এই জালিয়াতির কথা জানতে পারেন। তাঁরা দেখেন, জীবিত থাকা সত্ত্বেও কাগজে তাঁদের ‘মৃত’ ঘোষণা করা হয়েছে এবং অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে টাকা। যা ঠিক কার অ্যাকাউন্টে গিয়েছে, কারা এই প্রতারণার নেপথ্যে, তা জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নেতৃত্বে মঙ্গলবার জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন ধরণিপুর চা বাগানের শ্রমিকরা। তাঁদের দাবি, বাংলাদেশ ও নেপাল থেকে আসা বহু মানুষ ইতিমধ্যেই জমির পাট্টা পেয়ে গিয়েছেন, অথচ দীর্ঘদিনের বসবাস সত্ত্বেও জনজাতিরা জমির পাট্টা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি।
রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এনিয়ে জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের ভূমিহীন আদিবাসীদের পাট্টা দেওয়া হচ্ছে। ভূমিহীন প্রত্যেকেই পাট্টা পাবেন।