দ্য ওয়াল ব্যুরো: শারদোৎসবে ঢাকের কাঠিতে বোধনের বাজনা। শিউলি ফুলের একরাশ গন্ধ নিয়ে পুজো এসেছে। সাবেকিয়ানার ধারাবাহিকতা বজায় রেখেও থিমের ছোঁয়াচে তিলোত্তমার পুজো এখন অনেক আধুনিক। কারণ পুজোর সঙ্গে মিশে গেছে শিল্পের উৎকর্ষতা ও কারিগরির দক্ষতার সুনিপুণতা। সেই উৎকর্ষতাকেই নতুন রূপ দিতে থিমের হাত ধরেই ঢুকে পড়েছে একের পর এক পুরস্কারের চমক। শারদ-সম্মানের চলমান প্রবাহে স্বাতন্ত্র বজায় রেখেই চার বছর পার করল ‘দশভূজা সম্মান’। অ্যাডলিঙ্ক অ্যাডভারটাইসিং এজেন্সির ব্যবস্থাপনায় সেরা প্রতিমা বাছাইয়ের পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পঞ্চমীর দিনই সেরা দশ পুজোকে ‘দশভূজা সম্মান’-এর তালিকায় যোগ করে ফেলেছে অ্যাডলিঙ্ক।
কোথাও প্রতিমা তো কোথাও থিমের মুন্সিয়ানায় পাড়ার পুজোতেও খাজুরাহোর নিখুঁজ ভাস্কর্য। কোথাও পুজো মানে আলোর রোশনাই, আবার কোথাও খোলা আকাশের নীচেই তাজমহল। প্রতিমার আদল ও সাজসজ্জাতেও বনেদিয়ানার ছোঁয়া। তাই নানা দিক নিরিখ-পরখ করেই ‘দশভূজা সম্মান’-এর যাবতীয় ঝাড়াই-বাছাই পর্ব।
কলকাতার আঙিনায় নতুন-পুরনোর মিশেলে ৩০০টি পুজোর মনোনয়ন থেকে প্রাথমিক পর্বে বেছে নেওয়া হয়েছিল ৫০টি পুজো। এর পর সেখানেও জহুরীর চোখে খুঁটিয়ে দেখে সেমিফাইনাল রাউন্ডের বাছাইয়ের শেষে মেগা ফাইনালে পৌঁছয় ১৫টি পুজো। মহাপঞ্চমীতে ওই ১৫টি পুজোর মণ্ডপে গিয়ে বিচারকমণ্ডলীরা চূড়ান্ত করেন সেরা দশ পুজোকে। মোট আটটি বিভাগে চলে এই বাছাই পর্ব। চূড়ান্ত পর্বে সেরা দশের শিরোপা পায় যে পুজোগুলো সেগুলির মধ্যে-
[URIS id=43174]
সেরার সেরা প্রথম- চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি
সেরার সেরা দ্বিতীয়- চেতলা অগ্রণী ক্লাব
সেরার সেরা তৃতীয়- টালাপার্ক প্রত্যয়
সেরা প্রতিমা- নেতাজি কলোনি লো-ল্যান্ড দুর্গোৎসব সমিতি
সেরা থিম- হাতিবাগান নবীনপল্লী
সেরা নতুন উদ্যোগ- যোধপুরপার্ক ৯৫ পল্লী সর্বজনীন দুর্গোৎসব
সেরা পরিবেশ- বোসপুকুর শীতলামন্দির দুর্গোৎসব কমিটি
সাবেকিয়ানায় সেরা- আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি
মহিলা পরিচালিত সেরা পুজো- অর্জুনপুর আমরা সবাই ক্লাব
কম বাজেটের সেরা পুজো- প্রফুল্লকানন সর্বজনীন দুর্গোৎসব কমিটি

চার বছর ধরে শারদ-সম্মানের মুন্সিয়ানাকে ধরে রেখেছে অ্যাডলিঙ্কের ‘দশভূজা সম্মান’। এ বছর তাদের মিডিয়া পার্টনার ‘দ্য ওয়াল’। সেরা থিম, সেরা প্রতিমা, সেরা পরিবেশ, সেরা নতুন উদ্যোগ, কম বাজেটের সেরার সেরা, সাবেকিয়ানায় সেরা এবং মহিলা পরিচালিত সেরা পুজো। সমস্ত বিভাগের জন্যই থাকছে পুরস্কার।
দশভূজা সম্মানের ট্যাগ লাইনই হল দশভূজা সম্মান মানে বাংলার সম্মান। কারণ বাঙালি আর দুর্গাপুজো একে অপরের সমার্থক। বোধন-অঞ্জলি-সন্ধিপুজো-দধিকর্মার চিরাচরিত শাস্ত্রাচারের আবহেই পুজো এখন বাঁধন ছেঁড়া প্রাণের জোয়ারে ভরপুর। সেখানে প্রতিটি পদক্ষেপেই রয়েছে নতুন ভাবনার চমক, নতুনত্বের ছোঁয়া। তাকেই দু’হাত মেলে স্বাগত জানাচ্ছে দশভূজা সম্মান।