ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 3 September 2025 20:57
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া (Howrah) শহরের বৈষ্ণব মল্লিক লেনে ভেঙে পড়ল এক শতাব্দী প্রাচীন তিনতলা বাড়ির একাংশ (100 year old house)। বাড়ির দোতলার একটি ঘরের ছাদ আচমকা ধসে পড়ে (Collapse)। ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিস ও দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ ছিল। হাওড়া পুরসভা আগেই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল। তা সত্ত্বেও বাড়ির মালিক ও আরও প্রায় ৮-১০টি পরিবার ভাড়া থাকতেন সেখানে। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার তরফে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, টানা বৃষ্টির জেরেই বাড়ির পুরনো কাঠামো ভেঙে পড়েছে। ছাদের বিম ধসে পড়তেই ভয় পেয়ে বাইরে ছুটে আসেন বাসিন্দারা। ভাগ্যিস ওই সময় কেউ ওই ঘরে ছিলেন না, না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন স্থানীয়রা।
পুলিশ ও দমকল সূত্রে খবর, বাড়ির বাসিন্দাদের আপাতত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। খোলা হয়েছে ত্রাণশিবিরও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
জরাজীর্ণ বাড়িগুলির দ্রুত সংস্কার অথবা ভেঙে ফেলার দাবিতে সরব হচ্ছেন বাসিন্দারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, আরেকটু দেরি হলে আজ হয়তো প্রাণহানির আশঙ্কাও তৈরি হত।