আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 2 June 2025 10:19
দ্য ওয়াল ব্যুরো: সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশের কথা ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) মেনে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেও পড়েছে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে?
আলিপুর জানাচ্ছে, জুন মাসের প্রথম সপ্তাহেও দক্ষিণবঙ্গে বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম। উপরন্তু আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যার নিট ফল, আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের ক্যালেন্ডার অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা ঢুকেছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনই নয়। আলিপুর জানাচ্ছে, হরিয়ানা ও আসামের ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। পাকিস্তান সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যার প্রভাবে দক্ষিণে বর্ষা ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম আর অস্বস্তিকর হাঁসফাঁস অবস্থা থাকবে। এই সপ্তাহে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। কখনো মেঘলা আকাশ। তবে বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু'এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে।
অন্যদিকে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।
অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, সিকিম, কেরল, মাহে, সিকিম, উত্তরাখণ্ডে। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ সংলগ্ন চণ্ডীগড় হরিয়ানাতে।