
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ফাইল ছবি
শেষ আপডেট: 6 April 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপরে হামলার ঘটনায় এবার বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, "মাঝরাতে কেন গিয়েছিল এনআইএ? স্থানীয় পুলিশকে জানিয়ে তো যায়নি। মাঝরাতে গ্রামের মানুষ অচেনা কাউকে দেখলে তো এমনই ঘটে!"
মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, যেভাবে স্থানীয় পুলিশের অনুমতি ছাড়া মধ্যরাতে এনআইএ গ্রামে ঢুকেছিল তাতে স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে।
শুধু তাই নয়, ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্তেরও ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, "ভোটের আগে বেছে বেছে বুথে বুথে তৃণমূলের লোকজনকে গ্রেফতারের চক্রান্ত করছে বিজেপি। বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানাব।"
একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সংস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তাঁর কথায়, "এনআইএ-র কী অধিকার আছে? তারা বিজেপিকে সমর্থন করার জন্য এই সব করছে।"
শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে একাংশ গ্রামবাসীর হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা। গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, গ্রামবাসীদের হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। দু'জন আধিকারিক জখমও হন। ওই ঘটনায় শাসকদল তৃণমূল এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এদিকে ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ।
পাল্টা বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন, ভোটের মুখে স্রেফ রাাজনীতি করার জন্য এলাকায় এজেন্সিকে পাঠানো হচ্ছে।
২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা। তৃণমূলের অভিযোগ, এজেন্সি দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। তাই ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা।