
শেষ আপডেট: 24 March 2024 18:40
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: হুমায়ুন কবীরের পরে এবার দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খানকে প্রার্থী করেছে তৃণমূল। আবু তাহেরকে নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিধায়কের দাবি, "ওকে জিজ্ঞেস করুন, গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটে তাঁর কেন দেখা পাওয়া যায়নি।"
১০ মার্চ কলকাতার বিগ্রেডের সভা থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। এর পরেই প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ। ভারতীয় ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে প্রার্থী করায় তিনি বলেছিলেন তিনি প্রচারে নামবেন না। কিন্তু গত শুক্রবার ইউসুফ পাঠান বহরমপুরের এলে সেই মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হুমায়ুনকে।
মুর্শিদাবাদের বিধায়ক আবু তাহেরকে নিয়ে হরিহরপাড়া ব্লকে প্রচারে নামতে দেখা যায়নি বিধায়ক নিয়ামত শেখকে। এতে প্রকাশ্যে চলে আসে বিধায়ক সাংসদ দ্বন্দ্ব। শীর্ষ নেতৃত্ব এই সমস্যা মেটাতে নিয়ামত শেখকে প্রার্থীর সঙ্গে প্রচারে নামতে নির্দেশ দেয়। তার পরেই রবিবার প্রচার নিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন নিয়ামত সাহেব।
এই বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন হরিহরপাড়ার বিধায়ক। সেখানেও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিয়ে তাঁর গলায় ছিল ক্ষোভ। বলেন, "প্রচারে কেন দেরি হল তাঁকে জিজ্ঞেস করুন। গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটে তাঁর কেন দেখা পাওয়া যায়নি। এই নির্বাচনগুলো কী দলের নির্বাচন ছিল না। তাই নিয়ে আমার ক্ষোভ ছিল। আমি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি। ওঁরা আমাকে প্রচারে নামতে বলেছেন, তাই প্রচারে নামছি। তবে দলের অন্যান্যরা কেন নামেনি আমি জানি না।"
এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে মহম্মদ সেলিমকে। বিজেপির প্রার্থী হয়েছেন, গৌরী শঙ্কর ঘোষ।