ত্রাণ শিবিরে দাঁড়িয়ে নদী সংলগ্ন বিপজ্জনক এলাকায় থাকা মানুষদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অনুরোধ — “শুনুন, প্রাণের চেয়ে বড় কিছু হয় না। বেঁচে থাকলে ঘরবাড়ি আবার হবে। কিন্তু প্রাণ গেলে, সেটা আর ফেরে না।"

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 6 October 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি থামলেও এখনও স্বস্তি নেই উত্তরবঙ্গে (North Bengal)। জল নামেনি, কমেনি বিপদের আশঙ্কা। শনিবার নাগরাকাটার ত্রাণ শিবিরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) জানালেন, আপাতত আকাশ পরিষ্কার হলেও দুর্যোগ কেটেছে ভাবার কারণ নেই।
"আগামী দু’দিন ফের হাই টাইডের আশঙ্কা রয়েছে (High tide Fears)," জানিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, "নতুন করে একটা প্রাণও যেন না ঝরে যায়।" তাই সর্বস্তরে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ত্রাণ শিবিরে দাঁড়িয়ে নদী সংলগ্ন বিপজ্জনক এলাকায় থাকা মানুষদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অনুরোধ — “শুনুন, প্রাণের চেয়ে বড় কিছু হয় না। বেঁচে থাকলে ঘরবাড়ি আবার হবে। কিন্তু প্রাণ গেলে, সেটা আর ফেরে না।"
তিনি প্রশাসনকে নির্দেশ দেন, এখনও যারা নিজেদের বাড়ি আগলে পড়ে আছেন, তাঁদের অবিলম্বে নিরাপদ জায়গায় সরিয়ে আনতে হবে। কোনও অবস্থাতেই যেন কেউ ঝুঁকি না নেন।
মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পাশাপাশি হাওয়া অফিসও আশঙ্কার কথায় বলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি ও জলস্ফীতির সম্ভাবনা রয়েছে। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী বারবার স্মরণ করালেন, প্রাণ রক্ষা এখন অগ্রাধিকার।
একই সঙ্গে গুজবে কান না দেওয়া, প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার আন্তরিক আবেদন, এই দুর্যোগে বহু মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। তবুও, এই কঠিন সময়েও আমাদের মনে রাখতে হবে , একতা ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবার কাছে অনুরোধ, সাহস হারাবেন না, সংযম ও সতর্কতা বজায় রাখুন। সরকার ও প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে, এবং আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব।"
মমতা এও বলেন, "দয়া করে শান্ত থাকুন, গুজবে কান দেবেন না, এবং চারপাশের মানুষকে সহযোগিতা করুন। এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয় , আমরা একে অপরের পাশে থেকে, একসাথে এই সঙ্কটের মোকাবিলা করব।"
পর্যবেক্ষকদের অনেকের মতে, এদিন নাগরাকাটায় বন্যা পরিদর্শনে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর ঘটা হামলার ঘটনার প্রেক্ষিতেই সকলকে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে পরস্পরের পাশে থেকে সঙ্কট মোকাবিলার বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।