“এনডিআরএফ শুধু কেন্দ্রের নয়, আমাদের সঙ্গেও ওদের চুক্তি আছে। এটা কেন্দ্রের অনুগ্রহ নয়, মিথ্যে প্রচার ছড়ানো হচ্ছে।”

নাগরাকাটার ত্রাণ শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 6 October 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বর্ষণে বিধ্বস্ত নাগরাকাটায় (Nagarakata) শনিবার দুপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বৃষ্টির দাপটে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন তিনি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। পরিস্থিতি হাতেনাতে দেখে দ্রুত উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণের নির্দেশ দেন প্রশাসনকে। নদী সংলগ্ন এলাকাগুলিতে এখনও কেউ আটকে থাকলে দ্রুত উদ্ধার করতে বলেন তিনি।
ত্রাণ শিবিরে দাঁড়িয়েই এনডিআরএফ (NDRF) নিয়ে কেন্দ্রের ভূমিকা প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী। সাফ বলেন, “এনডিআরএফ শুধু কেন্দ্রের নয়, আমাদের সঙ্গেও ওদের চুক্তি আছে (NDRF has an agreement with the state))। এটা কেন্দ্রের অনুগ্রহ নয়, এনডিআরএফকে আমরাও টাকা দিই, অথচ মিথ্যে প্রচার ছড়ানো হচ্ছে।”
সরাসরি বিজেপির নামোল্লেখ না করলেও ইঙ্গিতে মুখ্যমন্ত্রী বলেন, , দুর্যোগের সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। মানবিকতার খাতিরে এ সময় রাজনীতি না করার অনুরোধ করব। একই সঙ্গে তিনি এও বলেন, "এ সময় কেউ কোনও প্ররোচনার ফাঁদে পা দেবেন না।"
প্রসঙ্গত, এদিন শিলিগুড়ি বিমানবন্দরে পৌঁছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্য উদ্ধারকাজে কোনও পদক্ষেপ করেনি। যেটুকু উদ্ধার কাজ চলছে তা কেন্দ্রের এনডিআরএফের তত্ত্বাবধানে।
নাগরকাটায় পৌঁছে বিজেপির রাজ্য সভাপতির সেই অভিযোগই খারিজ করে দিয়েছেন রাজ্য়ের প্রশাসনিক প্রধান।
একই সঙ্গে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে স্পেশ্যাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। মৃত্যু কখনও অর্থে মাপা যায় না, কিন্তু পরিবারগুলিকে দেখতে হবে।” এছাড়া, যাঁদের ঘরবাড়ি ভেঙেছে, তাঁদের জন্যও আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।
প্রবল বৃষ্টির পাশাপাশি ভুটান থেকে জল ছেড়ে দেওয়াকেও এই বিপর্যয়ের বড় কারণ বলে মনে করেন মমতা। তাঁর দাবি, ৪ তারিখে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, সঙ্গে ভুটান থেকে জল ছাড়া হয়েছে — যার জেরে আরও ভয়াবহ হয়েছে পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর কথায়, “ভুটান থেকে ভেসে আসছে কয়েকটি দেহ, উদ্ধার করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।”
ত্রাণ ও উদ্ধার কাজের গতি বাড়াতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহানুভূতির বার্তাও দেন তিনি। আগামীকাল মিরিকে যাওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ নিয়ে রাজনীতির প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান।