
শেষ আপডেট: 9 January 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক তাপস কুমার মণ্ডল এবং বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষকে সিবিআই হেফাজতে রেখেই ৬মাসের মধ্যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারককে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
২০১৪ সালের টেট এবং ২০১৬ সালে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করেছিলেন রাকেশ মণ্ডল। মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের অভিযোগ, ওই নিয়োগে বিস্তর দুর্নীতি করা হয়েছিল। কোন অতিরিক্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি।
এই মামলায় ২১ ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই । মুখ বন্ধ খামে জমা দেওয়া ওই রিপোর্ট খতিয়ে দেখে এদিন এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আদালত সূত্রের খবর, এই মামলায় এর আগে গত ১৪ ডিসেম্বর জহিরউদ্দিন শেখ, টাইগার হোসেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তাপস কুমার মণ্ডল, নীলাদ্রি ঘোষ, কুন্তল ঘোষদের নামে নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তবে এখনও অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, রিপোর্টে সিবিআইয়ের দাবি, তৃণমূলে বিধায়ক তাপস কুমার মণ্ডল মেধা তালিকায় প্রভাব খাটিয়েছিলেন। এস বসু রায় কোম্পানি সঙ্গে নিয়েই তাপস এই দুর্নীতি করেছিল বলে তদন্তকারী সংস্থার দাবি।