
শেষ আপডেট: 17 January 2024 22:29
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুর নিগমে রেজিস্টারের বন্দোবস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অর্থাৎ পুরসভার প্রতিনিধি বা কাউন্সিলররা কাদের চিঠি পাঠাচ্ছেন বা কার কাছ থেকে তাঁদের কাছে চিঠি আসছে, অফিসে এই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্টভাবে একটি খাতায় তা উল্লেখ রাখতে হবে।
একবালপুরের এক বেআইনি নির্মাণকে কেন্দ্র করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বুধবার উঠেছিল মামলা। এদিন ওই মামলার শুনানিতে বেআইনি নির্মাণ নিয়ে বিচারপতির প্রশ্নের মুখে পড়েন স্থানীয় কাউন্সিলর সোমা দাস।
কাউন্সিলরের কাছে কোনও রেজিস্টার নেই জানতে পেরে যারপরনাই ক্ষুব্ধ হন বিচারপতি। সোমাদেবীর উদ্দেশে বিচারপতি মন্তব্য করেন, "দু'বছর হল, কাউন্সিলর হয়েছেন। আপনার চোখের সামনে একটি বেআইনি নির্মাণ হয়ে গেল, অথচ আপনি জানতেই পারলেন না?"
এরপরেই কাউন্সিলরের অফিস নিয়েও কড়া মন্তব্য করেন বিচারপতি। আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, "একটা আড্ডাখানা তো আছে! যেখানে সবাই মিলে বসে আড্ডা দেন।"
একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, "রেজিস্টার কি ঠিকঠাক মেইনটেন হয়?" হয় না, জানতে পেরে আরও রেগে যান বিচারপতি। তিনি বলেন, "এটা কী ধরনের অফিস? যেখানে একটা রেজিস্টার মেইনটেইন হয় না?"
এরপরই প্রত্যেক কাউন্সিলর অফিসে যাতে ঠিকঠাক রেজিস্টার মেইনটেন করেন, সেই নির্দেশ দেন বিচারপতি।