বন দফতরের প্রাথমিক অনুমান, কোনও ছোট গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে চিতাবাঘটি। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। হঠাৎ করে রাস্তার ধারে চিতাবাঘের দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শেষ আপডেট: 31 October 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিষ্ণুপুরে রাস্তার ধার থেকে মৃত অবস্থায় উদ্ধার হল একটি চিতাবাঘ (leopard)। এই ঘটনায় শোরগোল পড়ল পাঞ্চেত বন বিভাগের বাকাদহ রেঞ্জে। এই রেঞ্জের পচাডহরা গ্রামের কাছে রাস্তার ধারে মৃত অবস্থায় ওই চিতাবাঘটির খোঁজ মেলে। চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় বিস্মিত বন দফতরও। কারণ এই অঞ্চলে চিতাবাঘের অস্তিত্ব সম্পর্কে তথ্য ছিল না বন দফতরের কাছে।
স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে জঙ্গলের ধারে বিষ্ণুপুর–জয়রামবাটি (Bishnupur-jayrambati) রাস্তার পাশেই বাঘটিকে পড়ে থাকতে দেখেন। মৃত বলে প্রথমে বুঝতে পারেননি তাঁরা। পরে বন দফতরকে খবর দেন। রাতেই বনকর্মীরা পৌঁছে মৃত বাঘটির দেহ রেঞ্জ অফিসে নিয়ে যান। বন দফতরের প্রাথমিক অনুমান, কোনও ছোট গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে চিতাবাঘটি। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। হঠাৎ করে রাস্তার ধারে চিতাবাঘের দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বন দফতর। বনকর্তারা জানান, রাতের অন্ধকারে রাস্তা পার হওয়ার সময় কোনও ছোট গাড়ি চিতাবাঘটিকে ধাক্কা মারে বলে তাঁদের অনুমান। রাস্তার ধারেই পড়েছিল চিতাবাঘটি। দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের ডিএফও অভিজিৎ কর জানান, ওই এলাকায় লেপার্ডের অস্তিত্ব রয়েছে, এ তথ্য আগে বনবিভাগের কাছে ছিল না। তিনি বলেন, "মৃত লেপার্ডটির সঙ্গিনী রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় স্ত্রী লেপার্ডের খোঁজ শুরু হয়েছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।"