প্রতিবন্ধকতাকে কোনওদিন বড় করে দেখেননি উত্তরপাড়ার যুধাজিৎ দে। ছোট থেকেই দাবা খেলায় আগ্রহ ছিল। মা রূপা দে তাকে প্রথম দাবা খেলা শেখান। মেধা আর অনুশীলনে তাতে ধার বেড়েছে উত্তরোত্তর। এখন তিনি এক সফল দাবা প্রশিক্ষক।

শেষ আপডেট: 4 December 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তরপাড়ার যুধাজিৎ জন্ম থেকেই দৃষ্টিহীন। চোখের আলো না থাকলেও মনের আলোতেই দাবা খেলা শিখেছেন তিনি। আর সেই প্রশিক্ষণ এমনই পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি, যে এখন নিজে দৃষ্টিহীন হয়ে দৃষ্টি সম্পন্নদের দাবা প্রশিক্ষণ দেন। বিশ্ব প্রতিবন্ধী দিবসে সেই মেধা ও উৎকর্ষতার স্বীকৃতি দিলেন রাষ্ট্রপতি। বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিজের কৃতিত্বের জন্য পেলেন রাষ্ট্রপতি পুরস্কার।
প্রতিবন্ধকতাকে কোনওদিন বড় করে দেখেননি উত্তরপাড়ার যুধাজিৎ দে। ছোট থেকেই দাবা খেলায় আগ্রহ ছিল। মা রূপা দে তাকে প্রথম দাবা খেলা শেখান। মেধা আর অনুশীলনে তাতে ধার বেড়েছে উত্তরোত্তর। এখন তিনি এক সফল দাবা প্রশিক্ষক। নিজে দৃষ্টিহীন হয়েও দৃষ্টি সম্পন্ন দাবা খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর ঝুলিতে আছে একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার। দাবা খেলার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতেও পারদর্শী তিনি। পেয়েছেন পাঁচবার জাতীয় স্বর্ণ পদক।
দিল্লি থেকে যুধাজিৎ ফোনে জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দিত এই সম্মান পেয়ে। বলেন, "একটাই কথা বলতে চাই, জীবনে চলার পথে কোনও প্রতিবন্ধকতাই বড় নয়। নিজের ইচ্ছেশক্তি ও জেদ থাকলে বাকি সব এমনিই হয়।"