
শেষ আপডেট: 9 April 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: আদালতে মুখ পুড়ল রাজ্য পুলিশের! বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এসে ক্ষমা চাইলেন ভূপতিনগর থানার ওসি।
ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে নির্দোষদের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। বিচারপতির নির্দেশে মঙ্গলবার আদালতে এসেছিলেন ভূপতিনগর থানার ওসি। সেখানেই ওসিকে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায়।
মামলার তদন্তভার থেকে ওসিকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আদালত জানিয়েছে, হাইকোর্টের অনুমতি ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দিতে পারবে না পুলিশ। ১৫ এপ্রিল পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতারও করতে পারবে না পুলিশ।
একই সঙ্গে এই বিস্ফোরণ কাণ্ডের পুঙ্খানপুঙ্খ তথ্য এনআইএ-কে কেন জানানো হয়নি, ভূপতিনগর থানার পুলিশের কাছে তার কৈফিয়তও চেয়েছেন বিচারপতি। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানিতে পুলিশকে এ ব্যাপারে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় তপন মিদ্যা-সহ ২০ জন বিজেপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত বিজেপি নেতারা। সংশ্লিষ্ট মামলাটিতে সোমবার পুলিশও আদালতে রিপোর্ট পেশ করে।
আদালত সূত্রের খবর, রিপোর্টে পুলিশ জানায়, ভূপতিনগর বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের রক্ষাকবচ পেলে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
সোমবরাই পুলিশের ওই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতে বিচারপতির পর্যবেক্ষণ, “ওসিকে বলতে হবে আদালতের রক্ষাকবচের ফলে কবে কোথায় কোন নির্বাচন বানচাল হয়েছে ? এই ধরনের রিপোর্ট লেখার সাহস পেলেন কী করে ওসি?” ২৪ ঘণ্টার মধ্যে ভূপতিনগর থানার ওসিকে এই রিপোর্টের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেনগুপ্ত।
এরপরই নিজের ওই মন্তব্যের জন্য এদিন এজলাসে হাজির হয়ে বিচারপতির কাছে ক্ষমা চেয়ে নেন ভূপতিনগর থানার ওসি।