
শেষ আপডেট: 18 February 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাংলাদেশ থেকে প্রাণভয়ে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। তাকে সহযোগিতা করার দায়ে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত আওয়ামী লীগ নেতার নাম রাজু আহমেদ। বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার কুশরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দশ দিন ধরে ধৃত রাজু আহমেদ বর্ধমানের বাজেপ্রতাপপুরের মালিরবাগানে একটি বাড়িতে ভাড়া ছিল এবং রাজমিস্ত্রীর কাজ করছিল। তাকে বাংলাদেশ থেকে ভারতে আসতে সহযোগিতা করার অপরাধে পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা সুদীপকুমার দাস ওরফে বাপন এবং অবৈধভাবে আশ্রয় দেওয়ার অপরাধে বর্ধমানের বাজেপ্রতাপপুর মালিরবাগান এলাকার সেখ মাজেদ রহমানকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানাগেছে সুদীপ দাস রাজু আহমেদকে অবৈধভাবে ভারতে আসতে মিডলম্যানের কাজ করেছিল। ধৃত তিনজনকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। ধৃত রাজু আহমেদ জানান, বাংলাদেশে তাকে মারধর করা হয়েছিল, ফের আক্রান্ত হওয়ার ভয়ে বেনাপোল সীমান্ত দিয়ে এদেশে আসে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যায় বাজেপ্রতাপপুরের মালির বাগানের একটি বাড়িতে হানা দিয়ে বাংলাদেশী রাজু আজমেদকে গ্রেফতার করে।
রাজু আহমেদ বৈধ ভিসা, পাসপোর্ট বা অন্য কোনও বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে সুদীপ কুমার দাস ওরফে বাপন তাকে ভারতে অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করেছিলেন এবং শেখ মাজেদ রহমান তার অবৈধ পরিচয় জেনেও তাকে আশ্রয় দিয়েছিলেন। এই ঘটনায় বর্ধমান থানায় ফরেনারস অ্যাক্ট ১৪এ/১৪সি এবং বি.এন.এস ২৪৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।