শুধু স্যাটেলাইট, বিদ্যুৎ সরবরাহ বা যোগাযোগ ব্যবস্থাই নয়, সৌরঝড় মানুষের শরীরেও প্রভাব ফেলতে পারে- এই আবিষ্কার জনস্বাস্থ্যের ক্ষেত্রেও নতুন দিশা দেখাতে পারে।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 16 August 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর চৌম্বকক্ষেত্রের ওঠাপড়া মানুষের শরীরে অদ্ভুত প্রভাব ফেলতে পারে, এমনই বিস্ময়কর দাবি করলেন চিনের গবেষকরা। তাঁদের মতে, সূর্যের তেজস্ক্রিয় কর্মকাণ্ডে তৈরি হওয়া চৌম্বক অস্থিরতা (Geomagnetic Activity বা GMA) মানুষের রক্তচাপের ওঠানামার সঙ্গে গভীরভাবে জড়িত।
ছ’বছর ধরে চিনের কিংদাও এবং উইহাই শহরে হওয়া এই গবেষণায় পাঁচ লক্ষেরও বেশি রক্তচাপের মাপজোখ খতিয়ে দেখা হয়। বিজ্ঞানীরা এই তথ্যের সঙ্গে তুলনা করেন সূর্যের কার্যকলাপের কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে তৈরি হওয়া পরিবর্তনগুলির।
কী মিলল?
‘কমিউনিকেশনস মেডিসিন’ পত্রিকায় প্রকাশিত ফলাফলে দাবি করা হয়েছে, রক্তচাপের ওঠানামা এবং চৌম্বক অস্থিরতার গতিবিধি প্রায় একই রকম। বছরে একবার, ছ’মাস অন্তর বা কখনও তিন মাস অন্তর, উভয়ের ওঠাপড়া যেন একই ছন্দে ঘটে। আশ্চর্যের বিষয়, তাপমাত্রা বা বায়ুদূষণের মতো অন্যান্য পরিচিত কারণগুলো রক্তচাপে এই ধরনের ছন্দ তৈরি করে না।
গবেষকদের মতে, সূর্যের কার্যকলাপ বাড়লে এবং ঘন ঘন ‘সোলার স্টর্ম’ বা সৌরঝড় হলে রক্তচাপের তারতম্য আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই প্রভাব পুরুষদের তুলনায় বেশি।
গবেষণা বলছে, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছেন এমন মানুষের এর জন্য বড় বিপদ হতে পারে। বিজ্ঞানীদের বক্তব্য, ‘আমাদের ফলাফল প্রমাণ করছে, চৌম্বক অস্থিরতা রক্তচাপের তারতম্য বাড়াতে পারে, বিশেষত সংবেদনশীল মানুষের ক্ষেত্রে।’
শুধু স্যাটেলাইট, বিদ্যুৎ সরবরাহ বা যোগাযোগ ব্যবস্থাই নয়, সৌরঝড় মানুষের শরীরেও প্রভাব ফেলতে পারে- এই আবিষ্কার জনস্বাস্থ্যের ক্ষেত্রেও নতুন দিশা দেখাতে পারে। গবেষকদের দাবি, নীতি নির্ধারকদের এখন মহাকাশ আবহাওয়ার প্রভাবও মাথায় রাখতে হবে।
যদিও কীভাবে এই ঝড় মানুষের রক্তচাপকে প্রভাবিত করে, তার সঠিক কারণ বা পদ্ধতি এখনও অজানা। তাই বিজ্ঞানীরা বলছেন, এ নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন।
আপাতত যা সামনে এসেছে, তা একটাই বার্তা দিচ্ছে, আমরা যতটা ভাবি, তার চেয়েও বেশি করে মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত আমাদের শরীর।