চার দশকের অপেক্ষা। এক অজানা গর্ব, এক অসমাপ্ত কাহিনি যেন আবার শুরু হচ্ছে। রাকেশ শর্মার পর আরও এক ভারতীয় পা রাখতে চলেছেন মহাকাশে।

শুভাংশু শুল্কা
শেষ আপডেট: 11 June 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: চার দশকের অপেক্ষা। এক অজানা গর্ব, এক অসমাপ্ত কাহিনি যেন আবার শুরু হচ্ছে। রাকেশ শর্মার পর আরও এক ভারতীয় পা রাখতে চলেছেন মহাকাশে। তাঁর নাম শুভাংশু শুল্কা—ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, যিনি এখন গোটা দেশের স্বপ্ন বহন করছেন নিজের কাঁধে।
আগামী মে মাসেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS)-এর উদ্দেশে রওনা দেবেন তিনি। কেন্দ্রীয় মহাকাশ ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং নিজেই ঘোষণা করেছেন এই ঐতিহাসিক মুহূর্তের কথা। তিনি বলেন, "ভারতীয় মহাকাশযাত্রার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে চলেছে। গগনযানের প্রস্তুতির পর এবার আন্তর্জাতিক স্তরে ভারতের উপস্থিতি আরও উজ্জ্বল হয়ে উঠবে।"
কে এই শুভাংশু শুল্কা?
কেবল একজন বৈমানিক নন, শুভাংশু শুল্কা ভারতের হয়ে মহাকাশে পা রাখতে চলা কনিষ্ঠতম মহাকাশচারী। গত আট মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন তিনি নাসা ও অ্যাক্সিওম স্পেসের যৌথ তত্ত্বাবধানে। কঠোর নিয়মে বাঁধা সেই দিনগুলির শেষে এখন শুরু হচ্ছে অপেক্ষার প্রতীক্ষা—ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেওয়ার।
এই অভিযান স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট ও ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে সম্পন্ন হবে। চারজন মহাকাশচারীর একটি দলে থাকবেন শুভাংশু, এবং তিনিই হবেন এই মিশনের পাইলট। ভারত সরকার এই মিশনের জন্য বরাদ্দ করেছে ৬০ মিলিয়ন ডলার। এটি নিছক একটি প্রাইভেট কমার্শিয়াল মিশন নয়, বরং ভারতের জন্য একটি মহাকাশীয় পরিচয়ের পুনর্জন্ম।
১৯৮৪ সালে রাকেশ শর্মার অভিযানের পর দীর্ঘসময় মহাকাশে ভারতের সরাসরি কোনও উপস্থিতি ছিল না। সেই শূন্যস্থান পূরণ করতেই যেন শুভাংশুর এই যাত্রা। শুধু তাই নয়, তিনি হবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম ভারতীয়। এই অভিযান শুধুই প্রযুক্তির নয়, আবেগেরও।