ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ, ২৫ জুন ২০২৫ দুপুর ১২টায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) পাড়ি দিলেন এক ঐতিহাসিক যাত্রায়।

শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 25 June 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ, ২৫ জুন ২০২৫ দুপুর ১২টায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) পাড়ি দিলেন এক ঐতিহাসিক যাত্রায়। আমেরিকার নাসা ও বেসরকারি সংস্থা Axiom Space-এর যৌথ মিশন ‘Axiom-4’-এর অধীনে এই মহাকাশযাত্রা হচ্ছে। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে এই মিশন। শুভাংশু চার সদস্যের মহাকাশ অভিযাত্রী দলের একজন। উৎক্ষেপণের আগে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে স্পেস সেন্টারের নির্দিষ্ট লঞ্চপ্যাডে।
এর আগে Axiom-4 মিশন নানা প্রযুক্তিগত কারণে একাধিকবার পিছিয়ে দেওয়া হয়। তবে এবার সবুজ সঙ্কেত মিলেছে। শুভাংশু শুক্লা উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা এবং ভারতীয় বায়ুসেনায় গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত। প্রায় এক বছরের কঠোর প্রশিক্ষণের পর তাঁকে এই মিশনের জন্য নির্বাচিত করা হয়।
ভারতের পক্ষ থেকে এর আগে কেবলমাত্র একবার, ১৯৮৪ সালের ৩ এপ্রিল, রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের সহায়তায়। সে অর্থে, শুভাংশু শুক্লাই হবেন দ্বিতীয় ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ার গৌরব অর্জন করবেন। এই ঐতিহাসিক অভিযানে গোটা দেশ নজর রেখেছে শুভাংশুর দিকেই। দেশের গর্ব হয়ে উঠেছেন তিনি।
আইএসএস-এ কী করবেন শুভাংশু?
এই মিশন চলাকালীন চার মহাকাশচারী দু'সপ্তাহ আইএসএস-এ থাকবেন, যেখানে তাঁরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।
এর মধ্যে ৭টি এক্সপেরিমেন্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পরিকল্পনায় তৈরি। এটি শুধু ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে নয়, বৈজ্ঞানিক গবেষণাতেও এক বিশাল পদক্ষেপ।
উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু। তাঁর এই ঐতিহাসিক যাত্রা ঘিরে শহরে এখন উৎসবের আবহ। স্কুল, কলেজ, বায়ুসেনার প্রাক্তন সহকর্মীরা প্রত্যেকেই গর্বিত। কারণ একথা নির্দ্বিধায় বলা যায়, এই অভিযান ভারতের মানব মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা করবে।