বিশ্বে ক্যানসার আজ এক অন্যতম প্রাণঘাতী রোগ। চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতি সত্ত্বেও প্রতিদিন বেড়ে চলেছে এই মরণব্যাধির সংখ্যা।

ক্যান্সার প্রতিরোধী উপাদান
শেষ আপডেট: 4 June 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে ক্যানসার আজ এক অন্যতম প্রাণঘাতী রোগ। চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতি সত্ত্বেও প্রতিদিন বেড়ে চলেছে এই মরণব্যাধির সংখ্যা। তবে রোগ প্রতিরোধের চাবিকাঠি অনেক সময় লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন খাদ্যেই—এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—বিশ্বের নির্দিষ্ট ছয়টি ধানের জাতে থাকতে পারে ক্যান্সার প্রতিরোধী উপাদান।
রান্নার পরও যেগুলি ধরে রাখে শরীরের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এই আবিষ্কার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এশিয়ার জন্য, যেখানে ভারত ও চিনের মতো দেশে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত প্রায় ১.৩২ লক্ষ ধান নিয়ে গবেষণা করেছেন। এদের মধ্যে প্রায় ৮০০টি চাল ছিল ভিন্ন ভিন্ন রঙের। সেই চালগুলির রাসায়নিক গঠন এবং শরীরের উপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে চিহ্নিত করা হয়েছে ৬টি বিশেষ ধানের জাত, যেগুলির মধ্যে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যানসার প্রতিরোধী গুণ রয়েছে।
এই ধানের দানা যখন পরীক্ষামূলকভাবে ক্যানসার কোষের উপর প্রয়োগ করা হয়, তখন দেখা যায়, তা ক্যানসার প্রতিরোধী হিসেবে কাজ করছে। গবেষণায় দেখা গিয়েছে, রান্নার পরও এই প্রজাতিগুলির ধানে প্রায় ৭০ শতাংশ ক্যানসার বিরোধী উপাদান বজায় থাকে।
শুধু তাই নয়, বিজ্ঞানীরা মনে করছেন এই ধানের ভুষি থেকে তৈরি নির্যাস এক ধরনের কার্যকরী ফুড সাপ্লিমেন্ট হিসেবেও কাজ করতে পারে। সামান্য পরিমাণে এই নির্যাস ক্যানসার কোষ দমন করতে পারে বলে প্রাথমিক গবেষণায় উঠে এসেছে।
এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল Food Hydrocolloids for Health-এ। গবেষকেরা মনে করছেন, এই আবিষ্কার ভারত ও চিনের মতো ক্যানসারপ্রবণ দেশগুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র: International Rice Research Institute (IRRI)