মানুষ পারে না, কিন্তু রেইনডিয়ার পারে! নতুন গবেষণায় উঠে এসেছে, বল্গা হরিণ ঘুমের মধ্যেও খাবার চিবোতে সক্ষম। জানুন এই বিরল প্রক্রিয়ার রহস্য।

বল্গা হরিণ বা রেইনডিয়ার
শেষ আপডেট: 17 August 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: আমরা সাধারণত মাল্টিটাস্কিং বললেই বুঝি একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা। সাধারণত মানুষকেই এই দক্ষতার জন্য পরিচিত মনে করা হয়। কিন্তু জানেন কি, শুধু মানুষই নয়, প্রাণীরাও পারে এই অসাধারণ কাজ? সম্প্রতি এক চমকপ্রদ গবেষণায় উঠে এসেছে, বল্গা হরিণ বা রেইনডিয়ার ঘুমের মধ্যেও মাল্টিটাস্কিং করতে সক্ষম।
নরওয়ের ট্রমসোতে অবস্থিত 'Norwegian Institute of Bioeconomy Research'-এর গবেষকরা পর্যবেক্ষণে দেখেছেন, বিশ্রামের সময়েও রেইনডিয়ার খাবার চিবোতে পারে। অর্থাৎ ঘুমের মতো স্বাভাবিক অবস্থায়ও তাদের হজমপ্রক্রিয়া বন্ধ হয় না।
কীভাবে সম্ভব হয় এই প্রক্রিয়া?
রেইনডিয়ারের পাকস্থলী গরুর মতোই চারটি অংশে বিভক্ত। তারা প্রথমে অপর্যাপ্তভাবে চিবানো খাবার পাকস্থলীতে জমা রাখে। পরে সেই খাবার আবার মুখে ফিরিয়ে এনে ভালোভাবে চিবোয়। আশ্চর্যের বিষয়, এই কাজ তারা ঘুমিয়েও অনায়াসে করতে পারে। গবেষকরা জানিয়েছেন, তাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে, ঘুমের সময়ও চিবোনোর কার্যকলাপ চালু থাকে।
আরও মজার ব্যাপার হল, বিশ্রামের সময়ে এই হরিণগুলোকে দেখে মনে হয় তারা ঘুমোচ্ছে। কিন্তু তাদের চোখ পুরোপুরি বন্ধ থাকে না। ফলে বাইরের দৃষ্টিতে তারা অদ্ভুত এক ভঙ্গিতে ঘুমোচ্ছে বলেই মনে হয়।
কোথায় দেখা যায় রেইনডিয়ার?
বিশেষজ্ঞদের মতে, রেইনডিয়ার বর্তমানে ধীরে ধীরে বিলুপ্তির পথে। তবে উত্তর আমেরিকার কানাডা, আলাস্কা, ওয়াশিংটনসহ তুষারাবৃত অঞ্চলে এগুলো বেশ ভালভাবে দেখা মেলে। উত্তর আমেরিকায় এরা ‘ক্যারিবো’ নামেও পরিচিত। বহু শীতপ্রধান দেশে এ ধরনের হরিণ পণ্য পরিবহনের কাজেও ব্যবহৃত হয়।