শহরের বাজারে ‘হরিণঘাটা’র প্যাকেটজাত মাংসের জনপ্রিয়তা আগে থেকেই রয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে স্বাস্থ্যসম্মত ও স্বাদে ভরপুর প্যাকেটজাত মাছ, যা সহজেই পৌঁছে যাবে ক্রেতার রান্নাঘরে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 August 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: মাংসের বাজারে ‘হরিণঘাটা’ ('Haringhata' Brand) বহুদিনের পরিচিত নাম। এবার সেই ব্র্যান্ডের আওতায় আসছে মাছও (packaged Rui-Katla)। প্রাণীসম্পদ বিকাশ দফতরের অধীন সংস্থা ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBLDC) প্রাথমিকভাবে রুই, কাতলা, মৃগেল ও বাটার জাতীয় পোনা মাছ প্যাকেটজাত করে বাজারে আনতে চলেছে।
সংস্থার চেয়ারম্যান অসীমা পাত্র জানান, এই মাছের অন্যতম বৈশিষ্ট্য এর স্বাদ এবং গুণমান। মাছগুলি সম্পূর্ণ ধাতু, রাসায়নিক এবং অ্যান্টিবায়োটিকমুক্ত। তিনি বলেন, “যেখান থেকে মাছ প্যাকেটজাত করা হচ্ছে, সেখানে মাছকে রাজ্য সরকারের নিজস্ব ‘এপিক’ ব্র্যান্ডের খাবার খাওয়ানো হচ্ছে। পাশাপাশি এনএবিএল সার্টিফাইড ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হচ্ছে।”
মাছের চারা আনা হচ্ছে রাজ্য সরকারের অনুমোদিত হ্যাচারি থেকে। গুণমানের সঙ্গে আপস না করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আপাতত পূর্ব বর্ধমান জেলা থেকে মাছ সংগ্রহ করা হবে এবং ২৫০ গ্রাম ও ৫০০ গ্রামের প্যাকেটে বিক্রি হবে। কলকাতার পাশাপাশি শহরতলিতেও মিলবে এই মাছ।
কর্পোরেশনের পরিকল্পনা অনুযায়ী, মাংসের পাশাপাশি সপ্তাহে প্রায় দু’টন মাছ বিক্রির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ধাপে ধাপে বাড়ানো হবে এই পরিমাণ। একই সঙ্গে তারা বাজারে আনছে বেশি প্রোটিন, ভিটামিন এবং ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডিম। কর্তৃপক্ষের দাবি, মাছ ও ডিম, দু’টিই ন্যায্য দামে মিলবে গ্রাহকের হাতে।
শহরের বাজারে ‘হরিণঘাটা’র প্যাকেটজাত মাংসের জনপ্রিয়তা আগে থেকেই রয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে স্বাস্থ্যসম্মত ও স্বাদে ভরপুর প্যাকেটজাত মাছ, যা সহজেই পৌঁছে যাবে ক্রেতার রান্নাঘরে।