মেটার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই মূলত তৈরি হয়েছিল কাস্টমার সাপোর্ট, বুকিং বা ভেরিফিকেশনের মতো কর্পোরেট যোগাযোগের কাজে ব্যবহারের জন্য, সাধারণ কথোপকথনমূলক বট ছড়ানোর জন্য নয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 October 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: মেটা প্ল্যাটফর্মসের (META) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তাদের বিজনেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) সংক্রান্ত নীতিতে বড় পরিবর্তন আনছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি, ২০২৬ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এআই চ্যাটবট (AI Chatbot) ব্যবহার বা বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে।
নতুন শর্তে ‘AI Providers’ নামে একটি বিশেষ ধারা যোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, যারা বড় ভাষা মডেল (LLM) বা জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম তৈরি করেন, তারা আর হোয়াটসঅ্যাপ বিজনেস (Whatsapp Business) ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে সরাসরি বা পরোক্ষভাবে তাদের চ্যাটবট ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারবেন না - যদি সেই বটের মূল কাজ কথোপকথন বা সাধারণ এআই সহায়তা দেওয়া হয়।
এর ফলে সরাসরি প্রভাব পড়বে OpenAI (ChatGPT), Perplexity AI, Luzia এবং Poke-এর মতো সংস্থাগুলির ওপর, যারা এতদিন হোয়াটসঅ্যাপকে সাধারণ ব্যবহারকারীদের জন্য এআই চ্যাটবট সরবরাহের মাধ্যম হিসেবে ব্যবহার করছিল।
মেটার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই মূলত তৈরি হয়েছিল কাস্টমার সাপোর্ট, বুকিং বা ভেরিফিকেশনের মতো কর্পোরেট যোগাযোগের কাজে ব্যবহারের জন্য, সাধারণ কথোপকথনমূলক বট ছড়ানোর জন্য নয়।
কোম্পানির দাবি, সাম্প্রতিক সময়ে এই বটগুলির মাধ্যমে বিপুল সংখ্যক মেসেজ পাঠানো হচ্ছিল, যা সার্ভারে চাপ সৃষ্টি করছে এবং তাদের আয় মডেলকেও ব্যাহত করছে।
হোয়াটসঅ্যাপের আপডেটেড শর্তে বলা হয়েছে - যে সমস্ত প্রতিষ্ঠান বা ডেভেলপার কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করেন, যার মধ্যে বড় ভাষা মডেল, জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম, সাধারণ এআই অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি অন্তর্ভুক্ত - তারা সরাসরি বা পরোক্ষভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস সলিউশন ব্যবহার করে এই ধরনের প্রযুক্তি প্রয়োগ বা বিক্রির জন্য কোনওভাবেই অনুমোদিত হবেন না, যদি সেটিই মূল কার্যকারিতা হয়।
তবে এই নিষেধাজ্ঞা সব ধরনের এআই ব্যবহারের ওপর প্রযোজ্য নয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যদি শুধুমাত্র কাস্টমার সাপোর্ট বা পরিষেবা উন্নতির অংশ হিসেবে এআই ব্যবহার করে, তা হলে তারা এই নিয়মের আওতায় পড়বে না। অর্থাৎ, ব্যবসা-সংক্রান্ত সহায়ক চ্যাটবট আগের মতোই চালানো যাবে, কিন্তু সাধারণ কথোপকথনভিত্তিক এআই বট আর ব্যবহার করা যাবে না।
এই পদক্ষেপে মেটা একদিকে নিজের অবকাঠামোকে বাণিজ্যিক ব্যবহারের দিকে ফিরিয়ে নিচ্ছে, অন্যদিকে বিশ্বজুড়ে জনপ্রিয় এআই চ্যাটবটগুলির জন্য হোয়াটসঅ্যাপের দরজা কার্যত বন্ধ করে দিচ্ছে।