Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Covid Effect: কোভিড নিঃশব্দে বাড়িয়ে তুলছে রক্তনালীর বয়স, ঝুঁকি মহিলাদেরই বেশি, বলছে গবেষণা

কোভিড সরাসরি রক্তনালিতে প্রভাব ফেলে। ফলে ধমনীর বায়োলজিক্যাল বয়স বেড়ে যায়।

Covid Effect: কোভিড নিঃশব্দে বাড়িয়ে তুলছে রক্তনালীর বয়স, ঝুঁকি মহিলাদেরই বেশি, বলছে গবেষণা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 September 2025 17:57

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ (Covid 19) নিঃশব্দেই শরীরে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, তার উদাহরণ উঠে এল একটি আন্তর্জাতিক গবেষণায়। মৃদু কোভিড সংক্রমণও আমাদের রক্তনালিকে (Artery) এমনভাবে শক্ত করে তোলে যেন সেগুলির বয়স একধাক্কায় পাঁচ বছর বেড়ে গিয়েছে। ফলে দীর্ঘমেয়াদে হার্ট অ্যাটাক (Heart attack) ও স্ট্রোকের (Stroke) ঝুঁকি অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রভাব (heart attack risk) সবচেয়ে বেশি দেখা গিয়েছে।

ইউরোপিয়ান হার্ট জার্নালে (European Heart Journal study) প্রকাশিত গবেষণায় দাবি করা হয়েছে, যাদের কোভিড হয়নি তাদের তুলনায় সংক্রমিতদের ধমনীগুলি অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে। গবেষকরা জানান, এটি ‘আর্লি ভাসকুলার এজিং’ (Early vascular ageing) বা অকাল ধমনী বার্ধক্য। অর্থাৎ, বয়স যতটা হওয়ার কথা, ধমনীর বয়স তার থেকেও বেশি হয়ে যাচ্ছে। এর জেরে হৃদরোগের ঝুঁকি (heart health risk) বহুগুণ বাড়ছে।

গবেষণার নেতৃত্বে ছিলেন ফ্রান্সের Université Paris Cité-র অধ্যাপিকা রোজা মারিয়া ব্রুনো। তিনি বলেন, “কোভিড-পরবর্তী সময় আমরা দেখেছি অনেকেই দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন। কোভিড সরাসরি রক্তনালিতে প্রভাব ফেলে। ফলে ধমনীর বায়োলজিক্যাল বয়স বেড়ে যায়। এই প্রবণতা কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে, তা দ্রুত চিহ্নিত করতে পারলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।”

কীভাবে চালানো হয়েছে গবেষণা?

গবেষণায় ১৬টি দেশের ২,৩৯০ জন অংশ নেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করা হয়। অংশগ্রহণকারীদের চার ভাগে ভাগ করা হয়েছিল—

•    যাদের কখনও কোভিড হয়নি
•    মাইল্ড কোভিডে আক্রান্ত কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয়নি
•    হাসপাতালে ভর্তি রোগী
•    আইসিইউ-তে ভর্তি রোগী।

ধমনীর বয়স মাপতে ব্যবহার করা হয় carotid-femoral pulse wave velocity (PWV) নামের একটি পদ্ধতি। গলায় ক্যারোটিড ধমনী থেকে পায়ে ফেমোরাল ধমনীর মধ্যে রক্তচাপ তরঙ্গ কত দ্রুত পৌঁছচ্ছে, তার হিসেব করা হয়। গতি যত বেশি, ধমনীর বয়স ততটাই বেশি ধরা হয়।

ফলাফল দেখায়, সংক্রমিত প্রত্যেক গ্রুপের ধমনীগুলি বেশি শক্ত, এমনকী হালকা কোভিডে আক্রান্তদেরও। মহিলাদের ক্ষেত্রে প্রভাব সবচেয়ে তীব্র। পরিসংখ্যান বলছে,

•    মৃদু কোভিডে আক্রান্ত মহিলাদের PWV বেড়েছে ০.৫৫ মিটার/সেকেন্ড
•    হাসপাতালে ভর্তি হলে ০.৬০ মিটার/সেকেন্ড
•    আর আইসিইউ-তে ভর্তি হলে ১.০৯ মিটার/সেকেন্ড।

গবেষকরা জানান, গড়ে ০.৫ মিটার/সেকেন্ড বৃদ্ধিই প্রায় পাঁচ বছরের সমান ধমনী বার্ধক্য নির্দেশ করে।

টিকা নেওয়া রোগীদের কি আলদা কোনও সুবিধা হয়েছে?

গবেষণায় দেখা গেছে, যারা কোভিড টিকা নিয়েছিলেন তাদের ধমনীর শক্ত হওয়া তুলনায় অনেক কম ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ধমনী বার্ধক্যের প্রবণতা কিছুটা কমতেও শুরু করেছে।

কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে ধমনী?

অধ্যাপিকা ব্রুনো ব্যাখ্যা করেন, কোভিড ভাইরাস শরীরের ACE2 রিসেপ্টর-এর মাধ্যমে রক্তনালির কোষে প্রবেশ করে। এর ফলে রক্তনালিতে প্রদাহ তৈরি হয় এবং ধমনীর বয়স দ্রুত বেড়ে যায়। মহিলাদের ইমিউন সিস্টেম বেশি তৎপর হওয়ায় সংক্রমণ ঠেকাতে তারা সফল হলেও একই কারণে তাদের ধমনীতে ক্ষতিও বেশি হয়।

প্রতিরোধ সম্ভব কীভাবে?

বিশেষজ্ঞরা বলছেন, ধমনী বার্ধক্য রোধে জীবনযাত্রার পরিবর্তন, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ কার্যকর হতে পারে। ঝুঁকিতে থাকা রোগীদের দ্রুত চিহ্নিত করা গেলে হৃদরোগ প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

বিশেষজ্ঞদের মতামত

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ড. বেহনূদ বিকদেলি জানান, “কোভিডের তীব্র হুমকি কমলেও ‘পোস্ট-অ্যাকিউট কোভিড সিনড্রোম’ এখন বড় চ্যালেঞ্জ। গবেষণায় দেখা যাচ্ছে, সংক্রমিতদের মধ্যে ধমনী শক্ত হওয়ার প্রবণতা দীর্ঘস্থায়ী। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিষয়টি উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “এই ফলাফল প্রমাণ করছে, কোভিড আমাদের ধমনীগুলিকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছে। এখন সবচেয়ে জরুরি হল, প্রতিরোধ ও চিকিৎসার নতুন উপায় খুঁজে বের করা।”


```