মহাকাশে মহিলারা কি গর্ভধারণ করে সন্তানের জন্ম দিতে পারবেন? কী কী বিপদ ও ঝুঁকি থাকতে পারে, জানুন বিশেষজ্ঞদের মত।

আদৌ সম্ভব?
শেষ আপডেট: 30 July 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গল অভিযানের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। ভবিষ্যতে মানুষ মঙ্গলে বসবাস করবে— এমন চিন্তাভাবনাও আর কল্পবিজ্ঞান নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যদি দীর্ঘ মহাকাশযাত্রায় কোনও মহিলা গর্ভবতী হয়ে পড়েন? যদি সন্তানের জন্ম হয় মহাকাশেই? এটা কি আদৌ নিরাপদ?
এই প্রশ্নগুলো শুনতে অবাক লাগলেও, বিজ্ঞানীরা এর উত্তর খুঁজতেই এখন ব্যস্ত। মহাকাশে গর্ভাবস্থা ও সন্তান জন্মদান নিয়ে কী কী চ্যালেঞ্জ থাকতে পারে, তা নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। পৃথিবীতে গর্ভধারণ কোনও জটিল প্রক্রিয়া। গর্ভে থাকা অবস্থাতেই বহু শিশুর প্রাণহানি ঘটে। পরিসংখ্যান বলছে, প্রায় ৬৬ শতাংশ গর্ভধারণ প্রথম দিকেই শেষ হয়ে যায়। কিন্তু মহাকাশে এই প্রক্রিয়াটা আরও জটিল।
মহাকাশে ‘মাইক্রোগ্রাভিটি’ অর্থাৎ কম মাধ্যাকর্ষণের কারণে শরীরের ভারসাম্য, হরমোনের গঠন ইত্যাদিতে সমস্যা দেখা দিতে পারে। তবে একবার যদি ভ্রূণ জরায়ুতে সঠিকভাবে সংযুক্ত হয়, তাহলে গর্ভাবস্থা বজায় রাখা সম্ভব হতে পারে।
মহাকাশে সন্তান জন্ম দেওয়া সম্ভব?
সন্তান জন্মদান কোনওভাবেই সহজ কাজ নয়, আর সেটা যদি মহাকাশে হয়— তাহলে ঝুঁকি বহুগুণে বাড়ে। মহাকাশে তরল পদার্থ ভেসে থাকে, মাধ্যাকর্ষণ না থাকায় প্রসবকালীন প্রক্রিয়াও জটিল হয়ে ওঠে। শিশুর যত্ন নেওয়াও অত্যন্ত কঠিন। যেমন— বুকের দুধ সঠিকভাবে খাওয়ানো, শরীরের গঠনের বিকাশ, সব কিছুতেই বাধা হয়ে দাঁড়ায় ওজনহীনতা।
সবচেয়ে বড় শত্রু 'বিকিরণ'
মহাকাশে সবচেয়ে বড় সমস্যা হল ‘কসমিক রে’ বা মহাজাগতিক রশ্মি। এগুলি অত্যন্ত শক্তিশালী কণা, যা আলোর গতিতে ছুটে চলে এবং মানবদেহে প্রবেশ করে কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ও বায়ুমণ্ডল আমাদের রক্ষা করে, কিন্তু মহাকাশে কোনও সুরক্ষা নেই। গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহে এই রশ্মির আঘাতে গর্ভপাত পর্যন্ত হতে পারে।
সন্তানের বিকাশ কীভাবে হবে মহাকাশে?
গর্ভের মধ্যে শিশুরা তরলের মধ্যে ভেসে থাকে, যা অনেকটা মাইক্রোগ্রাভিটির মতোই। কিন্তু জন্মের পরে শিশুর মাথা তোলা, হামাগুড়ি, হাঁটা— এসব কিছুর বিকাশে মাধ্যাকর্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মহাকাশে এসব বিকাশ বাধা পেতে পারে। এছাড়া বিকিরণের সংস্পর্শে শিশুর মস্তিষ্কের বিকাশ থমকে যেতে পারে, প্রভাব ফেলতে পারে আচরণ ও স্মৃতিশক্তির উপর।
তাহলে মহাকাশে সন্তানের জন্ম কি আদৌ সম্ভব?
তাত্ত্বিকভাবে সম্ভব, তবে বাস্তবে তা এখনও ঝুঁকিপূর্ণ। যতদিন না বিকিরণের সুরক্ষা, নিরাপদ ডেলিভারি ও বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে— ততদিন মহাকাশে গর্ভাবস্থা ও প্রসব হবে এক বিপজ্জনক অভিযান।