পেরুর লিমায় পাইপ বসানোর সময় আবিষ্কৃত হল এক হাজার বছরের পুরনো একটি শিশুর মমি। গ্যাস সংস্থা Calidda-র কর্মীরা প্রথম এই মমি ও তার আশপাশের পুরাতাত্ত্বিক উপাদানগুলির খোঁজ পান।

শিশুর মমি
শেষ আপডেট: 23 June 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: পেরুর লিমায় পাইপ বসানোর সময় আবিষ্কৃত হল এক হাজার বছরের পুরনো একটি শিশুর মমি। গ্যাস সংস্থা Calidda-র কর্মীরা প্রথম এই মমি ও তার আশপাশের পুরাতাত্ত্বিক উপাদানগুলির খোঁজ পান। পরে সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের কথা জানানো হয়।
সংস্থার সঙ্গে যুক্ত প্রত্নতত্ত্ববিদ হেসুস বহামন্দে জানিয়েছেন, খননের সময় প্রথমে পাওয়া যায় পেরুর উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী গাছ 'হুয়ারাঙ্গো'-র একটি মোটা গুঁড়ি, যা অতীতে কবর চিহ্নিত করতে ব্যবহার করা হত। এটি ছিল মাটি থেকে ২০ ইঞ্চি গভীরে। পরে আরও খনন করতেই আবিষ্কৃত হয় ১.২ মিটার গভীরে থাকা একটি শিশুর মমি।
প্রাপ্ত মমিটি একটি ছেলেশিশুর, বয়স আনুমানিক ১০ থেকে ১৫। বহামন্দে জানান, শিশুটিকে বসানো ভঙ্গিতে কবর দেওয়া হয়েছিল—হাত ও পা ভাঁজ করা অবস্থায়। তাকে কাপড়ে জড়ানো ছিল এবং পাশে রাখা ছিল ক্যালাবাশ ফলের তৈরি পাত্র। কবরের ধরন ও তার সঙ্গে থাকা সামগ্রী থেকে অনুমান করা যাচ্ছে, মমিটির সময়কাল খ্রিস্টীয় ১০০০ থেকে ১২০০ সালের মধ্যে।
এই কবরস্থান থেকে আরও উদ্ধার হয়েছে সিরামিকের প্লেট, কলস ও বোতল, যেগুলিতে মৎস্যজীবী ও জ্যামিতিক নকশার চিত্রাঙ্কন রয়েছে। এই ধরনের সমাধি ও শিল্পরীতি প্রাক-ইনকা চানচাই (Chancay) সংস্কৃতির একটি বৈশিষ্ট্য, যা ১১ থেকে ১৫ শতকের মধ্যে বিস্তার লাভ করেছিল।

ঘটনাটি ঘটেছে লিমার Puente জেলা এলাকার একটি রাস্তায় পাইপ বসানোর সময়। পেরু সরকার নির্দেশ দিয়েছে, যেকোনও নির্মাণ বা খনন প্রকল্পের আগে সংশ্লিষ্ট সংস্থাকে প্রত্নতত্ত্ববিদ নিয়োগ করতে হবে, কারণ এই অঞ্চলে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন রয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ২০০৪ সাল থেকে এখনও পর্যন্ত লিমায় Calidda প্রায় ২,২০০টি প্রত্নতাত্ত্বিক সন্ধান পেয়েছে। লিমা শহরজুড়ে ছড়িয়ে রয়েছে ৫০০-র বেশি প্রত্নস্থল, যার মধ্যে অন্তত ১২টি হুয়াকা (প্রাচীন কবরস্থান) রয়েছে। ‘হুয়াকা’ শব্দটি পেরুর আদিবাসী কেচুয়া ভাষা থেকে এসেছে। প্রাচীন ইতিহাস ও সভ্যতা অধ্যয়নের জন্য এই আবিষ্কারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদেরা।